দেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’-এর নতুন যাত্রা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি)-এর দায়িত্ব স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেছে অক্সফাম ইন বাংলাদেশ।
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি)-এর দায়িত্ব স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেছে অক্সফাম ইন বাংলাদেশ। উদ্যোগটির স্বাধীন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সান্তনু দাম উদ্যোগটির দায়িত্ব স্বাধীন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করেন।
সাত সদস্যের এই পর্ষদে রয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী বিবি রাসেল, উন্নয়ন ও প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক জুলিয়ান ফ্রান্সিস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক মহাপরিচালক আজিজ-উর রহমান, যুক্তরাজ্যের বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের নির্বাহী চেয়ারম্যান নাজির আলম, ইউনিভার্সিটি অব শেফিল্ডের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক, দ্য ডেইলি স্টারের বিপণন বিভাগের প্রধান ইমরান কাদির এবং যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কামাল আলী।
এ উপলক্ষে ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল : ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের ডাচেস অব কোইমব্রা এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারেন। মানুষকে বুঝতে হবে, তারা যেখান থেকেই আসুক না কেন, বড় কিছু অর্জন করা তাদের পক্ষেও সম্ভব।
ডাচেস অব কোইমব্রা বলেন, ‘কী কী সম্ভব, তা মানুষকে দেখানোর মাধ্যমে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ধরনের যোগাযোগ অন্যদের উপলব্ধি করতে সাহায্য করে যে তারাও বড় কিছু অর্জন করতে পারে।’
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক ভাবমূর্তি তুলে ধরার দূত হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে।
ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনায় পর্তুগালের দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স বলেন, দক্ষ জনশক্তিকে ধরে রাখা এবং বিদেশে চলে যাওয়া দক্ষ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা অগ্রাধিকার হওয়া উচিত। উপযুক্ত রাজস্বনীতি, কর-সুবিধা এবং অন্যান্য সহায়ক পদক্ষেপের মাধ্যমে বিদেশে বসবাসরত দক্ষ পেশাজীবীদের দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করা সম্ভব।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পরিসংখ্যান ও ফলাফলবিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস বলেন, কূটনৈতিক ও উন্নয়নবিষয়ক দৃষ্টিভঙ্গি এ উদ্যোগে অবদান রাখতে পারে। তবে এর প্রকৃত শক্তি নির্ভর করছে এর সঙ্গে যুক্ত মানুষের সম্মিলিত কণ্ঠস্বর ও অভিজ্ঞতার ওপর।
প্যানেল আলোচনায় আরো অংশ নেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিটুবির উপদেষ্টা পর্ষদের চেয়ার বিবি রাসেল। তিনি বলেন, গ্রামের মানুষের দক্ষতা বাড়ানো এবং তাদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের জন্য তার এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, নতুন স্বাধীন পরিচালনা পর্ষদের অধীনে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে যুক্ত হতে এবং নিজেদের জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রবাসীদের অবদান থেকে বাংলাদেশ উপকৃত হতে পারবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসাইন।
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে ব্রিজ টু বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। ২০২২ সালে ধারণা হিসেবে যাত্রা শুরু করা এ উদ্যোগের লক্ষ্য প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, যোগাযোগ ও সম্পদকে দেশের উন্নয়নে কাজে লাগানো। কমিউনিটি নেটওয়ার্ক, বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব, পরামর্শ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের আগ্রহকে সমন্বিত উদ্যোগে রূপ দিতে চায় এটি।
২০২৫ সালের ২৫ মে লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির যাত্রা শুরু হয়। পরে ২০২৬ সালের ২৮ জুন ঢাকায় এর পরীক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহুরা। এ সময় ব্রিজ টু বাংলাদেশের পথচলা তুলে ধরেন সংস্থাটির সোশ্যাল মিডিয়া অ্যান্ড কনটেন্ট কর্মকর্তা শামেরুল হুদা।
অনুষ্ঠানে পর্তুগালের ডাচেস অব কোইমব্রা, দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও যুক্তরাজ্যের ফুলহাম এফসির পেশাদার ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

-6afce076ea82b.jpg)