জমি নিবন্ধনে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, কার্যকর জানুয়ারিতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি- এআই দিয়ে বানানো।
|
ফলো করুন |
|
|---|---|
জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। এ লক্ষ্যে ২০০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজা ও জমির শ্রেণিভিত্তিক নতুন বাজারমূল্য নির্ধারণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা পর্যায়ের কমিটির সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।
অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এ কারণে নতুন মূল্য তালিকা প্রস্তুত ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা জরুরি।
এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারা দেশে কার্যকর হবে।
নির্দেশনায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।
গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক জমি কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনায় নেওয়ার বিধান রাখা হয়েছে। একই মৌজার বৈশিষ্ট্যভেদে জমিকে একাধিক ক্লাস্টারে ভাগ করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগও রয়েছে।
নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগের ব্যবস্থায় জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত।

-6afd33d13699b.jpg)