দলিলে ৫ শতাংশ, মাপে মিলছে সাড়ে ৪— জমির সীমানা যাচাই করবেন যেভাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জমি কেনার সময় দলিলে লেখা আছে ৫ শতাংশ। কিন্তু সরেজমিনে মাপতে গিয়ে দেখা গেল, জমির পরিমাণ সাড়ে ৪ শতাংশ। কোথাও আবার দলিলে উল্লেখ করা সীমানার জায়গায় রয়েছে অন্যের ঘর, দেয়াল কিংবা স্থাপনা। এমন পরিস্থিতিতে জমির মালিকদের পড়তে হয় নানা জটিলতায়। কখনো প্রতিবেশীর সঙ্গে বিরোধ তৈরি হয়, আবার কখনো নিজের জমির সঠিক অবস্থান ও পরিমাণ বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে।
জমির দলিল, খতিয়ান ও নামজারিতে জমির পরিমাণ উল্লেখ থাকলেও বাস্তবে সেটি কোথায় এবং কতটুকু জায়গাজুড়ে রয়েছে, তা জানতে প্রয়োজন সঠিক পরিমাপ। এ জন্য জমির দাগ নম্বর, মৌজা ম্যাপ, চৌহদ্দি এবং প্রচলিত পরিমাপপদ্ধতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। প্রাথমিকভাবে কিছু বিষয় নিজেই যাচাই করা সম্ভব। তবে জমির সীমানা নিয়ে বিরোধ বা জটিলতা থাকলে অভিজ্ঞ আমিন কিংবা সার্ভেয়ারের সহায়তা নেওয়া ভালো।
জেনে নেওয়া যাক, দলিলের সঙ্গে বাস্তব জমির পরিমাণ ও সীমানা মিলিয়ে দেখবেন যেভাবে।
জমি মাপার আগে যেসব কাগজ সংগ্রহ করবেন
জমির সঠিক অবস্থান ও পরিমাণ নির্ধারণের আগে প্রয়োজনীয় কাগজপত্র একসঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
মূল দলিল: জমির পরিমাণ, দাগ নম্বর, মৌজার নাম এবং চারপাশের সীমানা বা চৌহদ্দি জানতে মূল দলিল দেখতে হবে। প্রয়োজনে আগের মালিকদের দলিলও যাচাই করতে হবে। এতে জমির মালিকানার ধারাবাহিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
খতিয়ান বা পর্চা: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস খতিয়ানে জমির দাগ নম্বর, মালিকানা, শ্রেণি ও পরিমাণের তথ্য থাকে। বিভিন্ন জরিপে দাগ নম্বর পরিবর্তিত হয়ে থাকলে পুরোনো ও নতুন দাগের সম্পর্কও মিলিয়ে নিতে হবে।
নামজারি খতিয়ান: সর্বশেষ নামজারি রেকর্ডে জমির মালিকানা ও পরিমাণের তথ্য যাচাই করা প্রয়োজন।
মৌজা ম্যাপ: জমিটি কোন মৌজায় এবং কোন দাগে অবস্থিত, পাশাপাশি আশপাশের দাগগুলোর সঙ্গে এর অবস্থান কী—এসব বুঝতে মৌজা ম্যাপ প্রয়োজন।
মনে রাখতে হবে, মৌজা ম্যাপে জমির অবস্থান ও আয়তনের তথ্য পাওয়া যায়। অন্যদিকে খতিয়ানে থাকে মালিকানা, জমির পরিমাণ ও শ্রেণিসংক্রান্ত তথ্য। তাই শুধু দলিল দেখে জমির অবস্থান নির্ধারণ করা ঠিক নয়।
অনলাইনে মৌজা ম্যাপ সংগ্রহ করবেন যেভাবে
জমির সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট মৌজার সঠিক জরিপের নকশা সংগ্রহ করতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনলাইন ম্যাপ পোর্টাল থেকে মৌজা ম্যাপ খোঁজার সুযোগ রয়েছে।
এ জন্য প্রথমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ম্যাপ পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর ধাপে ধাপে—
বিভাগ, জেলা ও উপজেলা বা থানা নির্বাচন করতে হবে।
সংশ্লিষ্ট মৌজা খুঁজে নিতে হবে।
জমির রেকর্ড অনুযায়ী জরিপের ধরন নির্বাচন করতে হবে। যেমন—সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস।
প্রয়োজন অনুযায়ী শিট নম্বর ও দাগ নম্বর দিয়ে নকশা খুঁজতে হবে।
কাঙ্ক্ষিত ম্যাপ পাওয়া গেলে সেটি সংগ্রহ করতে হবে।
এ ছাড়া ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা পোর্টাল এবং ম্যাপ সেবা পোর্টাল থেকেও সংশ্লিষ্ট সেবার তথ্য পাওয়া যায়।
বড় মৌজার নকশা একাধিক শিটে বিভক্ত থাকতে পারে। তাই শুধু মৌজার নাম জানলেই হবে না, জমির দাগটি কোন শিটে রয়েছে, সেটিও নিশ্চিত হতে হবে।
গুনিয়া স্কেল দিয়ে মৌজা ম্যাপ থেকে জমি মাপবেন যেভাবে
মৌজা ম্যাপ থেকে জমির দৈর্ঘ্য, প্রস্থ ও অবস্থান নির্ণয়ের প্রচলিত পদ্ধতিগুলোর একটি হলো গুনিয়া স্কেল ব্যবহার। বিশেষ ধরনের এই স্কেলের সাহায্যে নকশায় দেওয়া মাপকে বাস্তব জমির মাপে রূপান্তর করা যায়।
গুনিয়া স্কেলে সাধারণত দুই পাশে ভিন্নভাবে দাগ কাটা থাকে। এক পাশে বড় দাগ এবং অন্য পাশে ছোট দাগ থাকে। নকশার স্কেল অনুযায়ী এসব দাগের সাহায্যে জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা হয়।
এ জন্য প্রথমে জানতে হবে, মৌজা ম্যাপটি কোন স্কেলে তৈরি। সাধারণত ১৬, ৩২, ৬৪ বা ৮০ ইঞ্চি সমান ১ মাইল—এ ধরনের স্কেলে মৌজা নকশা প্রস্তুত করা হয়।
প্রচলিত হিসাবে ১ মাইল সমান ৮ হাজার লিংক। আবার ১ মাইল সমান ১ হাজার ৭৬০ গজ। অর্থাৎ ১৬ ইঞ্চি সমান ১ মাইল স্কেলের নকশায় ১ ইঞ্চি বাস্তবে ৫০০ লিংকের সমান।
একইভাবে ৩২ ইঞ্চি সমান ১ মাইল স্কেলের নকশায় ১ ইঞ্চি বাস্তবে ২৫০ লিংকের সমান। এভাবে নকশায় জমির প্রতিটি বাহুর মাপ বের করা যায়।
জমির আকৃতি অনিয়মিত হলে সেটিকে কয়েকটি ত্রিভুজ বা চতুর্ভুজে ভাগ করে আলাদাভাবে মাপ নিতে হয়। পরে প্রতিটি অংশের ক্ষেত্রফল যোগ করে মোট জমির আয়তন নির্ণয় করা যায়। তবে সঠিক ফল পেতে নকশার স্কেল ও পরিমাপের পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা থাকা জরুরি।
সরেজমিনে জমি মাপার নিয়ম
মৌজা ম্যাপ থেকে জমির অবস্থান সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পর সরেজমিনে গিয়ে পরিমাপ করতে হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞ আমিন বা সার্ভেয়ারের সহায়তা নেওয়া ভালো। পরিমাপের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
জমির চার কোণ চিহ্নিত করুন: দলিল ও মৌজা ম্যাপের তথ্য অনুযায়ী জমির চারপাশের সীমানা নির্ধারণ করতে হবে। সম্ভব হলে পাশের জমির মালিকদের উপস্থিতিতে সীমানা চিহ্নিত করা উচিত। এতে পরবর্তী বিরোধের আশঙ্কা কমে।
দৈর্ঘ্য ও প্রস্থ মাপুন: জমি আয়তাকার হলে ফিতা দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ মেপে ক্ষেত্রফল বের করা যায়। যেমন, কোনো জমির দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩৬ ফুট হলে এর আয়তন হবে ২ হাজার ১৬০ বর্গফুট।
অনিয়মিত জমি ভাগ করে মাপুন: জমির আকৃতি বাঁকা, ত্রিভুজ বা অন্য কোনো ধরনের হলে একবারে পুরো জমি মাপা কঠিন। এ ক্ষেত্রে জমিকে কয়েকটি ছোট অংশে ভাগ করে আলাদাভাবে পরিমাপ করতে হবে।
চারপাশের সীমানা মিলিয়ে দেখুন: জমির উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে কার জমি, রাস্তা, খাল কিংবা অন্য কোনো স্থাপনা রয়েছে, তা দলিলে উল্লেখ করা চৌহদ্দির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
পরিমাপের হিসাব সংরক্ষণ করুন: জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রস্থ ও মোট ক্ষেত্রফল লিখে রাখতে হবে। প্রয়োজনে জমির একটি স্কেচ বা নকশা তৈরি করে সংরক্ষণ করা যেতে পারে।
জমির পরিমাপের একক ও হিসাব
বাংলাদেশে জমির পরিমাপে শতক, শতাংশ, কাঠা, বিঘা ও একর বেশি প্রচলিত। এসব এককের হিসাব জানা থাকলে দলিলে উল্লেখ করা জমির পরিমাণের সঙ্গে বাস্তব পরিমাপ সহজে মিলিয়ে দেখা যায়।
প্রচলিত হিসাবে—
১ শতাংশ বা শতক = ৪৩৫ দশমিক ৬ বর্গফুট।
১ একর = ১০০ শতাংশ।
১ কাঠা = প্রায় ৭২০ বর্গফুট।
১ বিঘা = প্রায় ৩৩ শতাংশ।
১ একর = ৪৩ হাজার ৫৬০ বর্গফুট।
তবে কাঠা ও বিঘার প্রচলিত মাপে অঞ্চলভেদে কিছু পার্থক্য থাকতে পারে। তাই জমির হিসাব করার সময় স্থানীয়ভাবে প্রচলিত এককের পরিবর্তে নির্দিষ্ট বর্গফুট বা শতাংশের হিসাবও যাচাই করা উচিত।
জমির সীমানা নিয়ে বিরোধ হলে করণীয়
দলিলের সঙ্গে বাস্তব জমির সীমানা না মিললে নিজের ইচ্ছামতো সীমানা পরিবর্তন করা কিংবা প্রতিবেশীর জমিতে স্থাপনা নির্মাণ করা উচিত নয়। প্রথমে উভয় পক্ষের দলিল, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ করে নিরপেক্ষভাবে জমি মাপার ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে অভিজ্ঞ সার্ভেয়ার দিয়ে মৌজা ম্যাপের ভিত্তিতে জমির পরিমাপ করানো যেতে পারে। সরকারি জমি কিংবা সরকারি জমির সঙ্গে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা নির্ধারণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করা যায়। পরিস্থিতি অনুযায়ী সরকারি জরিপের ব্যবস্থাও নেওয়া হতে পারে।
সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সার্ভে অ্যাক্ট, ১৮৭৫-এও বিধান রয়েছে। আইনের ৪০ ও ৪১ ধারায় জরিপের সময় সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে কালেক্টর বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় অনুসন্ধান করে সীমানা নির্ধারণ ও চিহ্নিত করার ব্যবস্থা নিতে পারেন। তবে এ ধরনের বিরোধে পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত, জমির দখল এবং জরিপের রেকর্ডও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে জমির মালিকানা বা স্বত্ব নিয়ে জটিলতা থাকলে ভূমি আইনজীবীর পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ জমি মেপে এর অবস্থান ও আয়তন নির্ধারণ করা সম্ভব হলেও শুধু পরিমাপের প্রতিবেদন দিয়ে চূড়ান্ত মালিকানা প্রতিষ্ঠা করা যায় না।
জমি কেনার আগেই মাপজোখ করুন
জমি কেনার পর সীমানা নিয়ে বিরোধে জড়ানোর চেয়ে কেনার আগেই দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ ও সরেজমিনের অবস্থা যাচাই করা বুদ্ধিমানের কাজ। বিক্রেতার দেখানো জমির চারপাশ মেপে দেখতে হবে, দলিলে উল্লেখ করা পরিমাণের জমি বাস্তবে পাওয়া যাচ্ছে কি না।
বিশেষ করে যৌথ মালিকানার জমি কেনার ক্ষেত্রে বিক্রেতার অংশটি ঠিক কোন জায়গায় অবস্থিত, তা নিশ্চিত হওয়া জরুরি। শুধু পুরো দাগের জমির পরিমাণ দেখে নির্দিষ্ট কোনো অংশের মালিকানা কিংবা অবস্থান নিশ্চিত করা যায় না।
