Logo
Logo
×

Advertisement

জাতীয়

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে আলেমরা।

Advertisement

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাশের দাবি জানিয়েছেন খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে অংশ নেওয়া আলেমরা।

দাবি আদায়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ ও রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়।

খতমে নবুওয়াত বাংলাদেশ এবং সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। প্রয়োজনে এ আন্দোলনে নিজের জীবন উৎসর্গের প্রত্যয়ও ব্যক্ত করেন।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের মুসলমানদের সঙ্গে আছেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় দেশের কওমি মাদ্রাসাগুলোর অবদানের কথা তুলে ধরে সেগুলোকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল হামিদ বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং ধর্মমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যের সঙ্গেও ধারাবাহিক আলোচনা চলছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার তাদের বক্তব্য গুরুত্বসহকারে শুনলে ভালো। অন্যথায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবেন না। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকায় বিশাল মহাসমাবেশ এবং পরবর্তী সময়ে রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি পালন করা হবে। যথাসময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সেমিনারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে আকিদায়ে খতমে নবুওয়াতকে মুমিনের ঈমানের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে তিনি কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাদের প্রকাশনা ও প্রচারণা বন্ধ এবং পণ্য বয়কটের আহ্বান জানান। একই সঙ্গে ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো, কাদিয়ানিদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা; নিজেদের মুসলিম দাবি ও মুসলিম পরিচয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা বন্ধ; উপাসনালয়কে মসজিদ বলা এবং ইসলামী পরিভাষা ব্যবহার বন্ধ; তাদের জানাজার নামাজ না পড়া ও মুসলিম কবরস্থানে দাফন না করা; মুসলমানদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক উত্তরাধিকার বন্ধ এবং কাদিয়ানিদের পণ্য বয়কট।

সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে পৃথক পাঁচ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। এটি পাঠ করেন আয়োজক পরিষদের সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন।

ঘোষণাপত্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে পূর্বসূরি আলেমদের রচিত সীরাতবিষয়ক গ্রন্থ অনুবাদ ও প্রচার, প্রতিটি মডেল মসজিদকে সীরাত ও সুন্নাহ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ইমামদের প্রশিক্ষণে সীরাতবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

এ ছাড়া প্রতি মাসে অন্তত একটি জুমার খুতবায় আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে আলোচনার ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের পূর্বপ্রকাশিত এ-সংক্রান্ত গ্রন্থ পুনঃপ্রকাশ ও প্রচার এবং কাদিয়ানিদের সব প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

ঘোষণাপত্রে আরও বলা হয়, অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মতো কাদিয়ানিরাও অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে, তবে তাদের ক্ষেত্রে মসজিদসহ ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে।

সেমিনারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।

তিনি দাবি করেন, এসব বক্তব্যে দ্বীন প্রচার ও পবিত্র কোরআনের অর্থ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা নতুন নবুওয়াতের পথ তৈরি করে। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।

সেমিনারে শতাধিক আলেম ও চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমি, মাওলানা সাজিদুর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শাহ সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি জসীমুদ্দীন, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুনির হোসেন কাসেমী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চট্টগ্রাম জেলা কমিটি

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চট্টগ্রাম জেলা কমিটি

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

জাতীয় উলামা মাশায়েখ কনভেনশন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

ঢাকায় খতমে নবুওয়ত কনফারেন্সে প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

ঢাকায় খতমে নবুওয়ত কনফারেন্সে প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

আরও পড়ুন

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাশের দাবি, অবরোধের হুঁশিয়ারি

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম