রাজধানীতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ঢাকা শহরের গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহণে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থায় বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমানো, পরিচালনায় শৃঙ্খলা আনা এবং সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-6b04b2691f773.jpg)