Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

Icon

কূটনীতিক প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

ছবি: সংগৃহীত

Advertisement

প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক কন্যা, শিশু ও জোরপূর্বক বিবাহ বিলোপ দিবস’ (২৭ নভেম্বর) সামনে রেখে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের নানা দিক ও এর প্রভাব নিয়ে সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় আয়োজিত এই সভায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও প্রতিবেদকরা অংশ নেন। ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ এবং এর ‘২০১৮ সালের বিধিমালা’-র দুর্বলতাগুলো তুলে ধরা হয়, যা মেয়েদের আইনি সুরক্ষাকে সীমিত করে রেখেছে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাল্যবিবাহ কমাতে বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও এর গতি অত্যন্ত ধীর। ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫’-এর তথ্যমতে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হয়েছে, যেখানে ২০১৯ সালে এই হার ছিল ৫১.৪ শতাংশ। তবে একই সময়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীদের হার ৩২.৯ শতাংশ থেকে বেড়ে ৩৮.৯ শতাংশে দাঁড়ানোকে বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনএফপিএ-র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে, কিন্তু একটি আইন মেয়েদের তখনই সুরক্ষা দেয় যখন তারা সে বিষয়ে সচেতন থাকে এবং বিচারব্যবস্থা সহজলভ্য ও পুরোপুরি জবাবদিহিমূলক হয়।’

তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং শিশু অবস্থায় বিয়ে হওয়া মেয়েদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্ভুল প্রতিবেদন নীতিনির্ধারকদের এই সংস্কারের জরুরি গুরুত্ব বুঝতে সাহায্য করবে। পাশাপাশি এটি মেয়েদের শিক্ষা শেষ করতে এবং নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে, যাতে তারা নিজেরাই শিশু থাকাবস্থায় বিবাহিত মা হয়ে না পড়ে।’

যৌথ আইনি পর্যালোচনায় দেখা গেছে, ২০১৭ সালের আইন বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করলেও বিয়েটি নিজে থেকে বাতিল করে না। আইনে নারী (১৮ বছর) ও পুরুষের (২১ বছর) বিয়ের ন্যূনতম বয়স ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে; অন্যদিকে ১৯ ধারায় “বিশেষ পরিস্থিতিতে” আদালতের আদেশে আইন নির্ধারিত বয়সের নিচে বিয়ের সুযোগ রাখা হয়েছে, যেখানে ন্যূনতম কোনো বয়স নির্দিষ্ট করা নেই এবং সুরক্ষা ব্যবস্থাও সীমিত।

শিশু অবস্থায় বিয়ে হওয়া মেয়েদের বিয়ে বাতিলের জন্য এই আইনের অধীনে সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই; তাদের ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে প্রায়ই সীমিত প্রতিকার মেলে বা কোনো প্রতিকারই থাকে না। এ ছাড়া জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, নিষ্ক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি এবং সীমিত সংখ্যক মামলা পরিচালনার মতো বাস্তবায়নজনিত চ্যালেঞ্জও পর্যালোচনায় উঠে এসেছে।

আইন সংস্কারে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশগুলোর মধ্যে রয়েছে— ১৯ ধারা বাতিল করা, নারী ও পুরুষ উভয়ের জন্য বিয়ের অভিন্ন ন্যূনতম বয়স ১৮ নির্ধারণ করা, শিশুদের ইচ্ছানুযায়ী বাল্যবিবাহ বাতিলযোগ্য করা, শিশুদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া, অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য আদালতের এখতিয়ার স্পষ্ট করা।

ইউএনএফপিএ আইনি সংস্কার এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মেয়েদের স্কুলে ধরে রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য তথ্য ও সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং বাল্যবিবাহ টিকিয়ে রাখে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা যৌথ জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে বাল্যবিবাহ নিয়ে তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা বাড়ানো এবং দেশে বাল্যবিবাহ হ্রাসের গতি ত্বরান্বিত করতে আরও বড় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। নেদারল্যান্ডস দূতাবাসের অংশীদারিত্বে এই গণমাধ্যম সংলাপটি আয়োজন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

আরও পড়ুন

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে মিলবে যত দিন

২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে মিলবে যত দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম