Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ফাইল ছবি

Advertisement

সিকদার পরিবারের চার সদস্যের বিদেশে থাকা সম্পদে হাত দিয়েছে আদালত। তিন সদস্যের সিঙ্গাপুরে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন রিক হক সিকদার, রন হক সিকদার ও পারভীন হক সিকদার। অন্যদিকে নিক হক সিকদারের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং রিসোর্টের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের আবেদনে বলা হয়, সিকদার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদার ও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আমানতকারীদের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।  

অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবেদনে বলা হয়, সিকদার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে যোগসাজশে হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়মের মাধ্যমে অনুমোদন ও বিতরণ করিয়েছেন। বিভিন্ন ব্যাংকের আমানতকারীদের অর্থ থেকে এসব ঋণ দেওয়া হয়। নিজেদের নামে থাকা প্রতিষ্ঠানের পাশাপাশি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমেও ঋণের অর্থ নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই একাধিক স্তরের লেনদেনের মাধ্যমে এসব অর্থ বিদেশে পাচার করা হয়। পাচার করা অর্থের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুরে যেসব সম্পদ

দুদকের আবেদনে রিক হক সিকদার, রন হক সিকদার ও পারভীন হক সিকদারের সিঙ্গাপুরে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের তথ্য তুলে ধরা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিকদার গ্রুপ পিটিই লিমিটেড, ইন্টার-এশিয়া গ্রুপ পিটিই লিমিটেড ও এনবিএল মানি ট্রান্সফার পিটিই লিমিটেড। এ ছাড়া ই-ফ্যালকন গ্রুপ, মেইসন আনুফা, ম্যাক্স মেট্রো ট্রেডিং, ওরিক্স গ্লোবাল ক্যাপিটাল, পাওয়ারপ্যাক হোল্ডিংস গ্রুপ ও আরঅ্যান্ডআর হসপিটালিটি গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে তাদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।

সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংক ও ডিবিএস ব্যাংকে থাকা কয়েকটি হিসাবের তথ্যও আবেদনে দেওয়া হয়েছে। এর মধ্যে ওসিবিসি ব্যাংকের দুটি হিসাবে ২০১৮ সালে সর্বোচ্চ স্থিতি ছিল যথাক্রমে ৩২ লাখ ৩৫ হাজার ৪১০ ও ১৭ লাখ ৯৮ হাজার ১৫৫ মার্কিন ডলার। ডিবিএস ব্যাংকের দুটি হিসাবও অবরুদ্ধের আবেদন করা হয়। 

সেন্ট কিটসে নিকের ব্যাংক হিসাব ও রিসোর্ট

নিক হক সিকদারের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং রিসোর্টের সম্পদ জব্দের আবেদন করে দুদক। আবেদনে বলা হয়, দেশটির সেন্ট কিটস অ্যান্ড নেভিস অ্যাঙ্গুইলা ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার সংশ্লিষ্ট ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ২০১৮ সালে সর্বোচ্চ স্থিতি ছিল মোট ২৩ লাখ ৪৭ হাজার ৫৭৯ মার্কিন ডলার।

এ ছাড়া দেশটির বাসেতেরে অবস্থিত কই রিসোর্ট অ্যান্ড রেসিডেন্স, কিউরিও কালেকশন বাই হিলটনের সম্পদ জব্দের আবেদন করা হয়। এটি একটি বিলাসবহুল রিসোর্ট ও হোটেল।

দুদকের আবেদনে আশঙ্কা করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া এবং বিদেশে থাকা সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা চলছে। এতে অর্থের প্রকৃত উৎস আড়াল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এসব সম্পদ উদ্ধারে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ জব্দের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম