Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

জামায়াতকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: রেজাউল করীম

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

জামায়াতকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: রেজাউল করীম

বক্তব্য ‍দিচ্ছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: যুগান্তর

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতে ইসলামীসহ অন্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, ২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এ লক্ষ্য-উদ্দেশ্য সামনে নিয়ে যখন কাজ করেছিলাম, অনেক ইসলামি দল প্রথম অবস্থায় সমঝোতায় ছিল।  রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল, তার সঙ্গে আরো কিছু দল আসল। যখন সারাদেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল। 

তিনি বলেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া।

চরমোনাই পীর বলেন, এ দেশ আলেম-ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না।  আমরা মনে করেছিলাম, আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা নই।  আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আলেমরা আছেন, দেশপ্রেমিকরা সঙ্গে আছেন, ইসলামপ্রেমীরাও সঙ্গে আছেন।

ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম