Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

Advertisement

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: যুগান্তর

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে আবারও ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। অন্যায়ের প্রতিবাদ করতে দেশের মানুষ জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, আপনারা কি আবার ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। এমন একটি সময় আসবে, যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন আমরা আবারও রুখে দাঁড়াব।

তিনি বলেন, একমাত্র ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি আসেনি, শান্তি আসবেও না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রাজারহাট উপজেলার মানুষের উদ্দেশে চরমোনাই পীর বলেন, বিভিন্ন সময়ে জনগণ বিভিন্ন প্রার্থী ও দলকে ভোট দিয়েছে। এবার ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তিনজন চেয়ারম্যান প্রার্থীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় তিনি বলেন, আসুন, আমরা বিভিন্ন সময়ে অন্যদের ভোট দিয়েছি। আজকে আমরা ইসলামের পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করি। 

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল ওয়াহেদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নীতি-আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম