Logo
Logo
×

রাজনীতি

ময়মনসিংহ-১

বিএনপির প্রিন্সকে হারিয়ে ‘বিদ্রোহী’ সালমান ওমরের জয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ এএম

বিএনপির প্রিন্সকে হারিয়ে ‘বিদ্রোহী’ সালমান ওমরের জয়

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ৬ হাজার ৩৩৯ ভোটে পরাজিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটির মোট ১৪৩টি ভোটকেন্দ্রে—হালুয়াঘাটে ৯৪টি এবং ধোবাউড়ায় ৪৯টি—ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।

ঘোষিত ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট। এতে দুজনের ভোটের ব্যবধান দাঁড়ায় ৬ হাজার ৩৩৯।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম