ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৮ এএম
ইশরাক হোসেন ও নিলোফার চৌধুরী মনি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সদ্য সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম এবং তিনি ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে প্রবেশ করেছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। এছাড়া গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকে তিনি একটি অভিজ্ঞতাহীন ও ‘খামখেয়ালি’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে যুক্ত হয়ে এই মন্তব্য করেন নিলোফার চৌধুরী মনি।
গেন্ডারিয়ার সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মনি বলেন, ইশরাকের নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা আইনগতভাবে বৈধ হলেও, একজন দায়িত্বশীল সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর পক্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এ ধরনের অভিযান পরিচালনা করা মোটেও সমীচীন হয়নি।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করা কোনো মন্ত্রীর কাজ নয়। ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা—দুটোই কম। বাবার (সাদেক হোসেন খোকা) পরিচয়ে পোষ্য কোটায় রাজনীতিতে আসার কারণে তার এই অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট।
ইশরাক হোসেন কোনো কুচক্রী মহল বা ‘বুদ্ধিদাতাদের’ উসকানিতে পড়ে এ ধরনের ‘ফিল্মি স্টাইলের’ পদক্ষেপ নিয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন নিলোফার চৌধুরী মনি। মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, মাদকসেবীদের পেছনে এভাবে অস্ত্র উঁচিয়ে সময় অপচয় না করে মূল মাদক মাফিয়া বা সাপ্লাই সিন্ডিকেটের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমপি-মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি হিসেবে মূল্যায়ন করে তিনি জানান, বিএনপির এই পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মনি আরও উল্লেখ করেন, ঢাকা শহরের রাজনীতিতে সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে ইশরাক একটি অত্যন্ত পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম এবং তার মূল রাজনৈতিক লক্ষ্য ছিল সিটি কর্পোরেশন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিশীল অবস্থানকে ‘মাছের মায়ের পুত্রশোক’ বলে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিএনপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়া এবং আগামী নির্বাচনে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে ইশরাককে সুকৌশলে উসকে দিয়ে আজকের এই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়ে থাকতে পারে।
মাদক সমস্যার তীব্র নিন্দা জানিয়ে এই সংরক্ষিত নারী সংসদ সদস্য বলেন, মাদক বর্তমান বাংলাদেশের এক নম্বর প্রধান সমস্যা। তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বত্র মাদকের জাল গভীরভাবে ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতার কারণে সদিচ্ছা থাকা সত্ত্বেও এই সমস্যার স্থায়ী সমাধান করা কঠিন হয়ে পড়ছে।

