Logo
Logo
×
   

রাজনীতি

হিংসা-বিদ্বেষ রাজনীতির ভাষা নয়, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোলাকুলি শেষে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

হিংসা-বিদ্বেষ রাজনীতির ভাষা নয়, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোলাকুলি শেষে গউছ

সৌজন্য সাক্ষাতে মিষ্টিমুখ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জয়ী বিএনপি দলীয় প্রার্থী জি কে গউছ প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে কোলাকুলি শেষে তিনি বলেন, হিংসা-বিদ্বেষ রাজনীতির ভাষা হতে পারে না। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে গউছ অনন্তপুর এলাকায় জামায়াত প্রার্থী দলটির জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদের বাড়িতে যান। এ সময় দুই নেতা কোলাকুলি করেন।  কাজী মহসিন ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপি গউছকে শুভেচ্ছা জানান।

গউছ বলেন, আমরা দুজন একে অপরের ভাই, একে অপরের প্রতিবেশী। হিংসা-বিদ্বেষ রাজনীতির ভাষা হতে পারে না। আমরা দেখেছি, হিংসার কারণে আজ একটি দলের কী অবস্থা। সবাই মিলে দেশছাড়া হয়েছে। তাই কোনো বিদ্বেষ নয়। এলাকার উন্নয়নে সবার পরামর্শ নিয়ে কাজ করতে চাই।

মহসিন আহমদ বলেন, রাজনীতিতে আমরা এমন সৌহার্দ্য সবসময় দেখতে চাই। দীর্ঘদিন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজনীতিতে যে দলই করি না কেন, সর্বোপরি আমরা সামাজিক মানুষ। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা ও হিংসা নয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ, মীর জমিলুন্নবী ফয়সলসহ অর্ধশত নেতাকর্মী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .