পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন, পরে ভোট পুনর্গণনা চান সারজিস
পঞ্চগড়ে নিন্দার ঝড়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় প্রার্থী সারজিস আলম। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান।
তার এ বক্তব্যের পর স্থানীয় সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মাঝে নিন্দার ঝড় উঠেছে।
বেসরকারি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফল ঘোষণার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসেছিলেন সারজিস আলম। ফলাফল ঘোষণার পর বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দনও জানান তিনি। তার এ বার্তাকে উপস্থিত সবাই ও সারা দেশবাসী নতুন রাজনীতির ধারা শুরু এবং অভিনব বলে প্রশংসা করছিলেন।
কিন্তু রাতেই সারজিস আলম সোশ্যাল মিডিয়ায় নির্বাচনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বসেন। তার ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জনগণের রায় তিনি সম্মান করেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানান।
এর আগে বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো ও তার খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব।
তবে অভিনন্দন জানালেও পরবর্তীতে সারজিসের এ দাবির পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল বলছে, ফলাফল ঘোষণার এবং অভিনন্দন জানানোর পর পুনর্গণনার দাবি তোলা জনগণ ও নির্বাচন কমিশন নির্বাচনি কর্মকর্তাদের ওপর অনাস্থার বার্তা দেয়। বিএনপির নেতাকর্মীরা সারজিস আলমের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, ফলাফল ঘোষণার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। প্রত্যেক ভোটকেন্দ্রে তার এজেন্ট ছিল। কোথাও কোনো অঘটনের খবর আমরা পাইনি। সারজিস আলম নিজে আমাদের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তারপরও এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে এটা তার অপরিপক্বতার প্রমাণ।
এ বিষয়ে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনি আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো প্রার্থী লিখিতভাবে আপত্তি জানাতে এবং পুনর্গণনার আবেদন করতে পারেন। অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
