Logo
Logo
×
   

রাজনীতি

সংরক্ষিত নারী আসন

ত্যাগের রাজনীতিতে ফের মূল্যায়ন পেলেন যশোরের মুন্নী

Icon

ইন্দ্রজিৎ রায়, যশোর

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

ত্যাগের রাজনীতিতে ফের মূল্যায়ন পেলেন যশোরের মুন্নী

সাবিরা সুলতানা মুন্নী

ত্যাগের রাজনীতিতে ফের  মূল্যায়ন পেলেন যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে সাবিরা সুলতানা মুন্নীর স্বামী যশোর জেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম গুমের শিকার হন। এরপর ঝিকরগাছা বিএনপির রাজনীতিতে হাল ধরেন সাবিরা সুলতানা মুন্নী।

দীর্ঘদিন মাঠের রাজনীতিতে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনয়ন দেয়; কিন্তু দলীয় কোন্দল ও নানামুখী ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হন বলেও অভিযোগ ওঠে। এরপর সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করায় খুশি এলাকাবাসী।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নী।

২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে পরাজিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের সংকটকালে রাজপথেও সোচ্চার ছিলেন। হামলা, মামলা, জেল জুলুম উপেক্ষা করে দলকে সংগঠিত করেছেন। দল তাকে ফের মূল্যায়ন করেছে।

দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, দল তাকে মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সঙ্গে ছিল উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার উপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .