Logo
Logo
×
   

রাজনীতি

গত ১৭ বছরে ছাত্রদল-যুবদলের এমন প্রতাপশালী রূপ দেখিনি: মঞ্জু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

গত ১৭ বছরে ছাত্রদল-যুবদলের এমন প্রতাপশালী রূপ দেখিনি: মঞ্জু

বক্তব্য রাখছেন মজিবুর রহমান মঞ্জু।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে চিনতাম, আপোষহীন বিএনপিকে চিনতাম। কিন্তু আজকের এই আপোষকামী বিএনপিকে চিনতাম না। এককালের আপোষহীন বিএনপি এখন আপোষকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।

বুধবার (৫ আগস্ট) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১-দলীয় জোটের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু আরও বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপোষ করে গুপ্ত অবস্থায় ছিল। অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন। এই হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না? রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল। তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। ৫ আগস্ট মানে মুক্তি। ৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .