Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

ছবি: সংগৃহীত।

Advertisement

বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাশ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।’

‘বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে আয়োজকদের গবেষণা গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন উঠে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য ধরে না নিয়ে তা যাচাই-বাছাই করা জরুরি।’

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী। নিজেদের চাহিদা মেটানোর পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নেই।’ দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী আরও বলেন, ‘বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রিড বিপর্যয়: তদন্ত কমিটি গঠন

গ্রিড বিপর্যয়: তদন্ত কমিটি গঠন

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে, বাকি অংশে কাজ চলছে

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে, বাকি অংশে কাজ চলছে

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

আরও পড়ুন

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরওয়ারের বৈঠকের দাবি, প্রমাণ দিতে রাশেদকে চ্যালেঞ্জ জামায়াতের

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরওয়ারের বৈঠকের দাবি, প্রমাণ দিতে রাশেদকে চ্যালেঞ্জ জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম