শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’— এমন মন্তব্য করছেন। তবে শ্রমিকেরা কারখানা বন্ধ চান না; তারা চান তাদের মজুরি বাড়ুক।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, শ্রমিকেরা অবশ্যই চাইবেন না তাদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন, ফলে বেতন বাড়বে। শ্রমিকেরা ঘরে ফিরবেন, কারণ তারা কারখানা বন্ধ দেখতে চান না।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’—এমন মন্তব্য করে যারা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছে, তাদের পরিচয়ও সামনে আসছে। তারা আদৌ শ্রমিক কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তারেক রহমানের দাবি, শ্রমিকদের গায়ে ফুলের টোকাও লাগবে না— এমন নীতির কারণে হয়তো পুলিশকে মার খেতে হচ্ছে। শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া কর্মীদের হাতেই এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শ্রমিকেরা ঘরে ফিরবেন। এই সরকার শ্রমিকদের সরকার, শ্রমিকেরাই সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই সরকারকে রক্ষা করবেন। ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, শ্রমিকেরা তাদের প্রতিহত করবেন।

