Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

Advertisement

২০১৭ সালে নতুন পাসপোর্টের আবেদন করলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকাকে জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার তাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই রাজনীতিক। দেশে ফিরতে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেও আওয়ামী লীগ সরকার তা নাকচ করে। 

এদিকে, রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আসছে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসাবে তিনি সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে-শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন করে এগুলো দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিটি ই-মেইলে পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। দিল্লির প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

সাইদুর রহমান আরও বলেন, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকেই এসেছে এবং ম্যাটিক্স চেম্বার্স শেখ হাসিনার অথোরাইজড করা কোনো প্রতিষ্ঠান।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে ডিসেম্বরে হাসিনা দেশে আসছেন এমন গুঞ্জন থাকায় বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। তবে সরকারের দিক থেকে ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী হিসাবে হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই – সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।

দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো—

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

এর জন্য দিল্লির পক্ষে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্তটা হচ্ছে— শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।

সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইশরাক হোসেন ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

‘পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ ছিল’

‘পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ ছিল’

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

আরও পড়ুন

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম