থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জন মিথ্যা ও অপপ্রচার।
সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া পদত্যাগের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় বিএনপি। এমপি বরকত উল্লাহ বুলু বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার যুগান্তরকে জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরকত উল্লা বুলু বিএনপির পোড় খাওয়া নেতা। তিনি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘসময় যুগ্ম মহাসচিব পদে থাকাকালে দলের মুখপাত্রের দায়িত্বও পালন করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মামলা হামলার শিকার হয়েছেন তিনি। নোয়াখালী থেকে ৫ বারের নির্বাচিত এমপি তিনি।
এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর ওসমান ফারুক এমপি পদত্যাগ করেছেন। এ বিষয়ৈ শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।
ওসমান ফারুকের পদত্যাগের পরই বিএনপির আরও কয়েকজন নেতার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বার্থান্বেষী মহল এমনটি করছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

