অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক কর্মসূচি বা মতাদর্শের নামে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা, যান চলাচল এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
আরও জানানো হয়, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সংশ্লিষ্ট ঘটনাগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
আমরা দেশের সর্বস্তরের জনগণকে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানাই। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।
পরিশেষে বলা হয়, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম বিশ্বাস করে, জননিরাপত্তা, আইনের শাসন, নাগরিক অধিকার এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। শান্তি, নিরাপত্তা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার অবিচল।

