প্রবাসীদের যথাযথ ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় তার দল। তারা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছেন।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪:১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রোম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় জামায়াত। সুযোগ পেলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবে দলটি।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান আমরা কখনো ভুলবো না। দেশের গণমাধ্যম যখন আমাদের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এজন্য অনেকে গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে গেলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আমরা অতীতেও সোচ্চার ছিলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা এর প্রতিবাদ জানাব।’
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব। যাদের চোখ নেই, তারাও বলেছেন, অন্যের হাত ধরে হলেও তারা দেশের প্রয়োজনে এগিয়ে যাবেন। একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এই মায়েরা, এই যোদ্ধারা আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন, ইনশাআল্লাহ।’
জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, এমনটাও বলেছেন তিনি। বিরোধীদলীয় নেতার ভাষ্য, জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবো না।’
তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা তাদের সহযোগিতা করব। আমাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেব। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

