সাদিক কায়েমের বাড়িতে হামলা, বিবৃতিতে যা বলল জামায়াত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে সেখানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের এ বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।
বিবৃতিতে সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

