সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তারা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে থানায় মামলাটি রুজু করেছেন।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে রয়েছে।
এদিকে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।
