|
ফলো করুন |
|
|---|---|
ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি জন কিটসের জন্মবার্ষিকী আজ। তিনি ১৭৯৫ সালের ৩১ অক্টোবর লন্ডনের মুরফিল্ডসের একটি আস্তাবলে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আস্তাবল রক্ষক। কিটস প্রথমে এনফিল্ডের একটা স্কুলে লেখাপড়া করেন। ১৬ বছর বয়সে কিটস এনফিল্ডের স্কুল ত্যাগ করেন। তরুণ বয়স থেকেই তার কবি হওয়ার প্রতি ঝোঁক ছিল। তা সত্ত্বেও কিটস গাই হাসপাতালে ওষুধ বিদ্যায় শিক্ষাগ্রহণ করেন। সেখানে তার সঙ্গে লেই হান্ট নামে এক প্রতিষ্ঠিত কবির যোগাযোগ হতে শুরু করে। লেই হান্ট কিটসের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাকে সাহিত্যচর্চায় উৎসাহিত করেন।
১৮১৮ সালে কিটসের ভাই টম যক্ষ্মায় আক্রান্ত হন এবং কিটস তার সেবাযত্ন করেন। কিন্তু টম মারা যান। এরপর কিটস তার বন্ধু চার্লস ব্রাউনের হ্যাম্পস্টেডের বাসায় চলে যান। সেখানে গিয়ে কিটস ফ্যানি ব্রন নামে ১৮ বছরের এক তরুণী প্রতিবেশীর প্রেমে পড়েন। এরপর থেকেই কিটসের সৃষ্টিশীল সময়ের শুরু। ১৮১৭ সালে ৩০টি কবিতা ও সনেটের সমন্বয়ে ‘Poems’ শিরোনামে তার বই প্রকাশিত হয়। কিটসের কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য-The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Endzmion, Hyperion, Ode to a Nightingale, To Autumn, Ode on A Gracian Urn ইত্যাদি। ইংরেজি ভাষায় পাঁচটি বিখ্যাত Ode-এর মধ্যে Ode to a Nightingale অন্যতম।
১৮২০ সালের শুরুর দিকে কিটসের দেহে যক্ষ্মার লক্ষণ দেখা দিতে শুরু করে। ওই বছরের জুলাইয়ে তার কবিতার দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়; কিন্তু তখন তিনি খুবই অসুস্থ। সেপ্টেম্বরে উষ্ণ আবহাওয়ার কারণে কিটস ও তার বন্ধু জোসেফ সেভার্ন ইতালি যান। তারা আশা করেছিলেন, এতে কিটসের স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু কিটস ১৮২১ সালের ২৩ ফ্রেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তৎকালীন সমালোচকদের দৃষ্টিতে কিটসের কবিতা খুব একটা উচ্চমর্যাদা পায়নি। তার মৃত্যুর পর তার কবিতাগুলো সঠিক মূল্যায়ন পেতে শুরু করে এবং উনিশ শতকের শেষদিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংরেজ কবির স্বীকৃতি পান। পরবর্তীকালে অসংখ্য কবি ও সাহিত্যিকের ওপর তার প্রভাব দেখতে পাওয়া যায়।
