Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

হরপ্রসাদ শাস্ত্রী

Icon

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী আজ। তার জন্ম ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর, খুলনায়। তিনি ১৮৭১ সালে এন্ট্রান্স, ১৮৭৩ সালে ফার্স্ট আর্টস, ১৮৭৬ সালে বিএ এবং ১৮৭৭ সালে সংস্কৃতে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৭৮ সালে তিনি হেয়ার স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি কিছুদিন লক্ষ্ণৌ ক্যানিং কলেজে অধ্যাপনা করেন। পরে তিনি ১৮৮৩ সালে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপক ও একইসঙ্গে বঙ্গীয় সরকারের সহকারী অনুবাদক হিসাবে কাজ করেন। ১৮৯৫ সালে তিনি প্রেসিডেন্সি কলেজে সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক এবং ১৯০০ সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। ১৯২১ সালের ১৮ জুন তিনি নব প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক পদে যোগদান করেন এবং সেখান থেকে ১৯২৪ সালে অবসর নেন।

তার ছাত্র বয়সের গবেষণা নিবন্ধ ‘ভারত মহিলা’ ১২৮২ বঙ্গাব্দের বঙ্গদর্শন পত্রিকার মাঘ-ফাল্গুন-চৈত্র তিন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বঙ্গদর্শনের ‘মজলিস’-এর কনিষ্ঠ সদস্য হরপ্রসাদ এরপর এ পত্রিকার অন্যতম প্রধান লেখক হয়ে ওঠেন। উপন্যাস ও বিচিত্র বিষয়ে প্রবন্ধ মিলিয়ে তার প্রায় ৩০টি রচনা বঙ্গদর্শনে প্রকাশিত হয়।

প্রাচীন সংস্কৃত ভাষা ও সাহিত্যের পরিচয় উদ্ধারে হরপ্রসাদের অবদান দৃষ্টান্তমূলক। তিনি প্রায় দশ হাজার পুথির বিবরণমূলক সূচি প্রণয়ন করেন, যা এগারো খণ্ডে প্রকাশিত হয়। সংস্কৃত পুথি সন্ধানের সূত্রেই তার আগ্রহে প্রাচীন বাংলা পুথি সংগ্রহের কাজ শুরু হয় এবং এ বিষয়ে তাকে সাহায্য করেন দীনেশচন্দ্র সেন এবং মুনশি আবদুল করিম সাহিত্যবিশারদ। এশিয়াটিক সোসাইটির গবেষণা প্রকল্পের মধ্যে হরপ্রসাদই প্রথম ‘বাংলা পুথি সন্ধান ও বিবরণ প্রকাশ’ কার্যক্রম অন্তর্ভুক্ত করেন।

অনুসন্ধিৎসু হরপ্রসাদ প্রাচীন বাংলার পুঁথির খোঁজে চারবার নেপাল যান। ১৯০৭ সালে তার হাতে আসে বাংলার প্রাচীনতম কবিতা-সংগ্রহ চর্যাগীতির পুথি। দীর্ঘ ৭-৮ বছর পুথির রচনাগুলো গবেষণা করে তিনি আবিষ্কার করেন, গানগুলোর ভাষা প্রাচীন বাংলা। তিনি ১৯৩১ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৈয়দ বদরুদ্দোজা

সৈয়দ বদরুদ্দোজা

হরপ্রসাদ শাস্ত্রী

হরপ্রসাদ শাস্ত্রী

সুভাষ দত্ত

সুভাষ দত্ত

হাসান আজিজুল হক

হাসান আজিজুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম