আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলতি কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার পুরোনো ভিডিওকে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ভিডিও বলে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘ডিসকভার বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
‘সংসদ ভবন ঘেরাও হবে’ স্লোগানে সংসদ ভবন অভিমুখে জামায়াত জোট—এমন ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। এতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। মিছিল থেকে ‘ঘেরাও ঘেরাও, ঘেরাও হবে; সংসদ ভবন, ঘেরাও হবে’ স্লোগানও দিতে দেখা যায়।
এ ঘটনা নিয়ে একাধিক জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৩০ আগস্ট দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় জোটের পক্ষ থেকে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে গুমের শিকার ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ কয়েকটি দাবি জানানো হয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কোনো বিক্ষোভের সম্পর্ক পাওয়া যায়নি। এটি ৩০ আগস্ট অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির পুরোনো ভিডিও।
অতএব, আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে—এমন দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; দাবিটি মিথ্যা।

