টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পারফর্ম্যান্সের পর প্রশ্ন উঠছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে তো বাংলাদেশ?
সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল তালিকার আট নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে এসেছিল ছয় নম্বরে। দ্বিতীয় টেস্ট জেতার পর ভারতকে পেছনে ফেলেছে দল। এখন তাদের অবস্থান তালিকার পঞ্চম স্থানে।
২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং একটি ড্র হয়েছে। পয়েন্টের হিসেবে তাদের শতকরা ৫৮.৩৩।
বাংলাদেশের পেছনে পড়া ভারতের পয়েন্ট এখন ৪৮.১৫। ৯ ম্যাচ শেষে তারা জিতেছে ৪ ম্যাচে, হেরেছেও ৪ ম্যাচে, ড্র করেছে ১টি ম্যাচে।
তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। এরপর আছে নিউজিল্যান্ড তিন টেস্টে ৭৭.৭৮ নিয়ে। চার টেস্টে ৭৫.০০ নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টে ৬৬.৬৭ নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা। তারপরেই অবস্থান বাংলাদেশের।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে তালিকার শীর্ষে থাকা দুই দল। তবে আর সব টুর্নামেন্টের সঙ্গে এর পার্থক্য হচ্ছে, এখানে শতকরা প্রাপ্ত পয়েন্টের হার হিসেব করা হয়, প্রাপ্ত পয়েন্ট নয়।
ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে শতকরা প্রাপ্ত পয়েন্টের হারের দিক থেকে আরও ভালো অবস্থানে যেতে হবে। শান্তদের পরবর্তী দুই সিরিজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ খেলার কথা আছে দলের। এই চার সিরিজ জিততে পারলে অবস্থান আরও ভালো হবে বাংলাদেশের।
চক্র শেষ হবে আগামী বছর জুনে। তার আগ পর্যন্ত শীর্ষ দুইয়ে থাকতে পারলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। তবে সেজন্যে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেটা বাংলাদেশ পারবে কি না, সে প্রশ্ন তোলা রইল সময়ের কাছে।
