Logo
Logo
×
   

Advertisement

খেলা

দিবালা কেন বিশ্বকাপ দলে জায়গা পাননি, কারণ জানালেন স্কালোনি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১০:৩৩ এএম

দিবালা কেন বিশ্বকাপ দলে জায়গা পাননি, কারণ জানালেন স্কালোনি

ফাইল ছবি

Advertisement

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ জনের দল সাজাতে গিয়ে কোচ লিওনেল স্কালোনি ২০২২ সালের শিরোপাজয়ী দলের বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম পাওলো দিবালা। এমনকি ৫৫ জনের প্রাথমিক তালিকাতেও তার নাম ছিল না। এই সিদ্ধান্ত আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিস্ময় জাগিয়েছে।

ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি এই বিষয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বলেছেন, ‘পাওলো যে দারুণ খেলোয়াড়, সেটা আলাদা করে বলার দরকার নেই। তার দলের হয়ে সে অসাধারণভাবে ফিরে এসেছে। তার দুর্দান্ত পারফরম্যান্সে তারা (রোমা) চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা পেয়েছে।’ 

তার বাদ পড়ার কারণ হিসেবে স্কালোনি জানান, অন্যরা বেশ ভালো করছেন। তিনি বলেন, ‘এটাই হয় সবসময়: তরুণ খেলোয়াড়রা উঠে আসে, কিছু খেলোয়াড় নিজেদের জায়গা পাকা করে নেয়। তারা সুযোগ পাওয়ার যোগ্য। তাই আমরা অন্যদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এই সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ হলো জাতীয় দল থেকে দিবালার দীর্ঘ অনুপস্থিতি। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে দলে ডাকা হয়েছিল। সেবার চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে তিনি মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন। তারপর থেকে প্রতিটি আন্তর্জাতিক উইন্ডোতে তিনি ছিলেন না। এই ফাঁকে নিকো পাজদের মতো খেলোয়াড়রা দলে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন।

এখন ৩২ বছর বয়সী দিবালাকে ভবিষ্যতের কথা মাথায় রেখেও বাদ দেওয়া হয়েছে। স্কালোনি বলেছেন, ‘তার মানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা তাকে ভালোবাসি, সে অসাধারণ একজন মানুষ। কিন্তু আমরা এখনকার কথা ভাবি এবং ভাবি অন্যরা ভবিষ্যতে কতটা দিতে পারবে। আরও কিছু বিশ্বকাপজয়ী আছেন যাদেরও বাদ দেওয়া হয়েছে। তবে এটা পর্যালোচনার বিষয়। আমরা এই সিদ্ধান্তই নিয়েছি।’

২০২৫-২৬ মৌসুমটি দিবালার জন্য বেশ কঠিন ছিল। প্রথমে নতুন কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির কৌশলে মানিয়ে নেওয়া, এরপর হাঁটুর অস্ত্রোপচার — সব মিলিয়ে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। রোমার পাঁচ ম্যাচের জয়ের ধারায় শেষ তিন ম্যাচে চারটি অ্যাসিস্ট করেন তিনি। এই পারফরম্যান্স দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এনে দিয়েছে। কিন্তু স্কালোনির প্রাথমিক তালিকা প্রকাশের আগেই এই সাফল্য এসেছিল। তাই কোচের মন বদলানোর সুযোগ তেমন ছিল না।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম