Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ আই প্রিভিউ

নেয়ামত উল্লাহ

নেয়ামত উল্লাহ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫০ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ আই প্রিভিউ

Advertisement

আর্লিং হালান্ড আর কিলিয়ান এমবাপ্পে, একটা সময় বিশ্ব ফুটবলের নতুন ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ ধরা হতো এই দ্বৈরথকে। যদিও দুজন এখনও ক্যারিয়ারের মধ্যগগনেই আছেন, তবু সে আলাপটা যেন একটু থিতিয়ে গেছে। সেই আলাপটাকে নতুন করে উসকে দিতেই যেন আবির্ভাব হলো ২০২৬ বিশ্বকাপের। হালান্ড-এমবাপ্পে এবার মুখোমুখি হবেন এবার সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপের গ্রুপ আইতে দুই দলের জায়গা হয়েছে। তাদের সঙ্গে থাকা সেনেগাল আর ইরাকও ছেড়ে কথা বলবে না কাউকেই!

এই গ্রুপের ফিক্সচার, প্রতিটি দলের শক্তিসামর্থ্য, দুর্বলতা ও চ্যালেঞ্জ সহ গ্রুপের আদ্যোপান্ত দেখে নেওয়া যাক এক নজরে—

গ্রুপ আই ফিক্সচার
১৬ জুন, ফ্রান্স-সেনেগাল, নিউ ইয়র্ক 
১৬ জুন, ইরাক-নরওয়ে, বোস্টন
২২ জুন, ফ্রান্স- ইরাক, ফিলাডেলফিয়া 
২২ জুন, নরওয়ে-সেনেগাল, নিউইয়র্ক
২৬ জুন, নরওয়ে-ফ্রান্স, বোস্টন
২৬ জুন, সেনেগাল বনাম ইরাক, টরন্টো

দল প্রিভিউ– ফ্রান্স
ফ্রান্স এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। তাদের স্কোয়াড গভীরতা এই টুর্নামেন্টে সবার চেয়ে বেশি। কোচ দিদিয়ে দেশঁ নিজেই জানিয়েছেন এটি তার শেষ বিশ্বকাপ। তিনি ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন কোচ হিসেবে। এবার তিনি দ্বিতীয়বার সেই ট্রফি জিততে চান। সেই লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন।

ফ্রান্স ২০২২ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরেছিল। তারা পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। এই অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় সম্পদ।

আক্রমণ
কিলিয়ান এমবাপ্পে এই দলের কেন্দ্রবিন্দু। তার গতি ও গোল করার ক্ষমতা অতুলনীয়। তিনি বাম দিক থেকে ড্রিবল করে মাঝে ঢোকেন এবং শট নেন। পুরো গ্রুপে কোনো ডিফেন্ডার যে তার গতির সঙ্গে তাল মেলাতে পারবে না, তা একপ্রকার নিশ্চিত।

পিএসজিকে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ও গেল বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ডান দিক থেকে আক্রমণে ঢুকবেন। ক্যারিয়ার সেরা ফর্মে থাকা দেম্বেলে এবার বিশ্বকাপে আলো কেড়ে নিতে প্রস্তুত।

ওদিকে মাইকেল ওলিসে সৃজনশীলতা ও শক্তির মিশেলে খেলেন। সামনের দিকে এগিয়ে গিয়ে শট নিতে পারেন। যখন ছন্দে থাকেন তখন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার সেট পিস নেওয়ার দক্ষতাও উল্লেখযোগ্য।

ডেজিরে দুয়ে এই বিশ্বকাপে একটি বড় সুযোগ পেতে পারেন। কলম্বিয়ার বিপক্ষে দুটি গোল করে নিজেকে চেনাতে সক্ষম হয়েছেন। হুগো একিতিকে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে বাদ পড়েছেন। তাই দুয়ে, রায়ান শেরকি ও ব্র্যাডলি বার্কোলা এই জায়গার জন্য প্রতিযোগিতা করছেন।

ফ্রান্সের আক্রমণের সবচেয়ে বড় শক্তি হলো দলটির সাইডবেঞ্চ। প্রথম একাদশ ক্লান্ত হলে দ্বিতীয় সারির খেলোয়াড়রা এসেও ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন। এই বিশেষ বিলাসিতা ফ্রান্সকে আর সবার চেয়ে আলাদা করে তুলেছে বৈকি।

মিডফিল্ড
অরেলিয়েঁ চুয়ামেনি মিডফিল্ডের মূল ভিত্তি। ফ্রান্সের মিডফিল্ডে আদ্রিয়েন রাবিওর সঙ্গে মিলে রক্ষণকে বাড়তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার। ফ্রান্স যে আক্রমণভাগের দারুণ খেলা উপভোগ করতে পারে, সেটা এই দুইজনের জুটির কারণেই।

তাদের বিকল্প হিসেবে আছেন এনগোলো কান্তে। কান্তে ফিট থাকলে মিডফিল্ড আরো শক্তিশালী হয়। তবে বয়সের কারণে তার ব্যবহার সীমিত হবে।

ফ্রান্সের মিডফিল্ড মূলত রক্ষণাত্মক ভূমিকায় দলকে সুরক্ষিত রাখে। আবার আক্রমণে যাওয়ার সময় দ্রুত ট্রানজিশনেও সহায়তা করে। এই দলের সবচেয়ে বড় শক্তি হলো মিডফিল্ড ও আক্রমণের মধ্যে সংযোগ।

রক্ষণ
মাইক মিয়াঁন গোলডিফেন্ডার হিসেবে এক নম্বর জায়গা পাকা করেছেন। তিনি আত্মবিশ্বাসী ও কর্তৃত্বশীল গোলকিপার। সেন্টার-ব্যাকে উইলিয়াম সালিবা, ডাইয়ো উপামেকানো ও ইব্রাহিমা কোনাতে তিনজনের মধ্যে দুটি জায়গার প্রতিযোগিতা চলছে।

সালিবা মার্চ মাসে চোটের কারণে খেলতে পারেননি। ম্যাক্সেন্স লাক্রোয়া তার জায়গায় ভালো করেছেন। তবে সালিবা ফিট হলে তার শুরু করার সম্ভাবনা বেশি।

জুলস কুন্দে আর থিও এর্নান্দেজ থাকবেন রাইট আর লেফট ব্যাক পজিশনে। ফুল ব্যাকরা ওপরে উঠে গেলে দলটি ট্রানজিশনে কিছুটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু গ্রুপ আইয়ের প্রতিপক্ষরা সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে সেটি নিয়ে সন্দেহ আছে।

সম্ভাব্য একাদশ
মিয়াঁন; কুন্দে, সালিবা, উপামেকানো, টি. হের্নান্দেজ; চুয়ামেনি, রাবিও; ওলিসে, দেম্বেলে, দু; এমবাপ্পে।

সেট পিস তথ্য 
কর্নার-ওলিসে, দেম্বেলে ও শেরকি। 
ডিরেক্ট ফ্রি কিক-ওলিসে, এমবাপ্পে ও দেম্বেলে। 
পেনাল্টি-এমবাপ্পে।

চ্যালেঞ্জ
এমবাপ্পের হাঁটুর চোট একটি বড় উদ্বেগের বিষয়। ক্লাব ফুটবলে তিনি বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। 

সেন্টার-ব্যাক জুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। সালিবার ফিটনেস, উপামেকানো ও কোনাতের মধ্যে সঠিক জুটি বেছে নেওয়া কোচের জন্য কঠিন কাজ। এই অনিশ্চয়তা রক্ষণকে অস্থির করতে পারে।

মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়েছিল ফ্রান্স। সেদিন ম্যাচটা জিতলেও এমন পরিস্থিতি বিশ্বকাপে হলে ভুগতে হতে পারে ফ্রান্সকে।

প্রথম সারির খেলোয়াড়দের আগেভাগে বেশি খেলালে তারা নকআউট পর্বে ক্লান্ত হতে পারেন। তাই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রোটেশন ব্যবহার করা জরুরি। কিন্তু প্রথম ম্যাচেই সেনেগাল কঠিন প্রতিপক্ষ।

দল পরিচিতি— সেনেগাল
বিশ্বকাপের আগে সেনেগাল একটি বড় বিতর্কে মধ্য দিয়ে গেছে। জানুয়ারিতে রাবাতে তারা মরক্কোকে হারিয়ে আফকন ২০২৫ জিতেছিল। তবে সেটা তাদের কাছ থেকে নিয়ে মরক্কোকে দিয়ে দেয় ক্যাফ কর্তৃপক্ষ। তার কারণ ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে গিয়েছিল সেনেগাল। যার ফলে তখন রেফারি ওয়াকওভার না দিলেও ২ মাস পর ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেয় আফ্রিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা। 

তবে সেনেগাল মামলা ঠুকে দিয়েছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে। এখনও রায় হয়নি। এই বিতর্ক দলের মানসিক অবস্থায় কিছুটা প্রভাব ফেলেছে। মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশদাতা কোচ থিয়াওকে সিএএফ পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সেটি শুধু সিএএফ প্রতিযোগিতায় প্রযোজ্য। তাই তিনি বিশ্বকাপে পূর্ণ স্বাধীনতায় কোচিং করতে পারবেন।

আক্রমণ
শেষ মেজর টুর্নামেন্ট খেলতে আসা সাদিও মানে এই দলের প্রাণভোমরা, তিনি দলের অধিনায়কও। মানে শুধু গোল করেন না, মিডফিল্ডে নেমে বল সামনে বাড়ান। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে সংকটের সময়েও শক্ত রাখে। মাঠের বাইরেও তার প্রভাব অসামান্য।

নিকোলাস জ্যাকসনের শারীরিক শক্তি, চলাচল এবং প্রেসিং করার ক্ষমতা তাকে বিপজ্জনক করে তোলে। আফকনে বতসোয়ানার বিপক্ষে দুটি গোল করেছেন।

ইলিম্যান এনদিয়াই চওড়া জায়গা থেকে আক্রমণ করেন। তার দ্রুত পায়ের কাজ এবং ভেতরে ঢুকে শট নেওয়ার ক্ষমতা ডিফেন্ডারদের বিপাকে ফেলে। আফ্রিকার অন্যতম সেরা উইঙ্গার হিসেবে তিনি পরিচিত।

ইসমাইলা সার বিকল্প হিসেবে আছেন, তার আছে বিস্ফোরক গতি। এছাড়া একাধিক বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার কাছে আছে।

সেনেগালের আক্রমণের সবচেয়ে পরিচিত প্যাটার্ন হচ্ছে মানে চলে আসবেন জ্যাকসনের পেছনে ফাইনাল প্লেমেকার হিসেবে, যা একাধিক ডিফেন্ডারকে জায়গা ছেড়ে তার কাছে নিয়ে আসবে। ফলে দুই পাশে উইঙ্গাররা স্পেস পেয়ে যাবেন। তাদের কাছ থেকেই আসে ফাইনাল বলটা। এই প্যাটার্ন বেশ পরিচিত হলেও ক্যাফ বাছাইপর্বে এর জবাব দিতে পারেনি বেশিরভাগ দলই।

মিডফিল্ড
ইদ্রিসা গেই ও পেপে গেই এই দুইজন মিডফিল্ডের ভিত্তি। দুজনের কাছে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাও আছে। ডায়ারা তৃতীয় মিডফিল্ডার হিসেবে রক্ষণ ও আক্রমণ দুটোতেই অবদান রাখেন।

এই তিনজনের মিডফিল্ড লাইন ফিজিক্যালি গ্রুপের যেকোনো মিডফিল্ডের সঙ্গে পাল্লা দিতে পারবে। নরওয়ের ওডেগার্ড বা ফ্রান্সের চুয়ামেনিকেও এরা কার্যকরভাবে চাপে রাখতে পারবেন।

পেপে গেই আফকন ফাইনালে গোলদাতা। বড় মঞ্চে বড় গোলের সেই অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।

রক্ষণ
কালিদু কুলিবালি ৩৫ বছর বয়সেও রক্ষণের প্রধান মুখ। তার কর্তৃত্ব ও নেতৃত্ব পুরো রক্ষণকে সংগঠিত রাখে। একাধিক আফকন সফরে তিনি এই দলকে শক্ত হাতে ধরে রেখেছেন।

মুসা নিয়াখাতে তার পাশে থাকবেন। এদুয়ার্ড মেন্দি গোলে আছেন। তিনি চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। আফকন ফাইনালে পেনাল্টি সেভের কৃতিত্বও তার।

ক্রেপিন দিয়াত্তা ও এল হাদ্জি মালিক দিউফ দুই ফুলব্যাক হিসেবে খেলবেন। তবে বেশি বয়স্ক রক্ষণ ভারি টুর্নামেন্টে কতটা টিকবে সেটি একটি প্রশ্ন।

সম্ভাব্য একাদশ
মেন্দি; দিয়াত্তা, কুলিবালি, নিয়াখাতে, দিউফ; ডায়ারা, ইদ্রিসা গেই, পাপা গেই; এনদিয়াই, জ্যাকসন, মানে।

সেট পিস তথ্য
কর্নার-দিয়াত্তা, দিউফ, জাকোবস ও লামিন কামারা। 
ডিরেক্ট ফ্রি কিক-মানে।
পেনাল্টি- মানে।

চ্যালেঞ্জ
মানেকে তিনটি ম্যাচ জুড়ে সতর্কভাবে খেলাতে হবে করতে হবে। ইরাকের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হলে নরওয়ে ও ফ্রান্সের বিপক্ষে পূর্ণশক্তিতে পাওয়া যাবে।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি দ্বিতীয় স্থান নির্ধারণের মূল ম্যাচ। সেই ম্যাচে রক্ষণ ও আক্রমণের ভারসাম্য রক্ষা করাটা কোচের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

কুলিবালি ও মেন্দির বয়স টুর্নামেন্টের শেষ দিকে ফিটনেস সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে। তিনটি গ্রুপ ম্যাচে এই বয়স্ক রক্ষণের ওপর চাপ কতটা পড়বে সেটি দেখার বিষয়।

দল প্রিভিউ— ইরাক
৪০ বছর আগে ১৯৮৬ সালে তারা শেষবার বিশ্বকাপ খেলেছিল। এরপর চার দশক অপেক্ষা শেষে এবারের বিশ্বকাপে খেলতে এসেছে ইরাক। 

তবে পথটা কঠিন ছিল বেশ। কারণ দলটা প্লে অফ ফাইনালে যখন খেলতে যাওয়ার কথা, তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছিল। আকাশপথ বন্ধ ছিল। দূতাবাস বন্ধ থাকায় ভিসা পাওয়া যাচ্ছিল না। খেলোয়াড়রা জর্ডান, দুবাই ও আমিরাতে আটকে পড়েছিলেন।

কোচ গ্রাহাম আর্নল্ড সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে শুধু ফুটবলে মনোযোগ দেন। শেষ পর্যন্ত মেক্সিকোতে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ইরাক বিশ্বকাপের টিকিট পায়। আলি আল হামাদি দশম মিনিটে গোল করেন দলকে এগিয়ে দেন, আয়মেন হুসেন ৫৩তম মিনিটে দারুণ এক লক্ষ্যভেদে দলকে বিশ্বকাপে নিয়ে আসেন। এই আনন্দে ইরাক রীতিমতো দুই দিনের জাতীয় ছুটিই ঘোষণা করে।

আর্নল্ড ২০২২ সালে অস্ট্রেলিয়াকে রাউন্ড অফ ১৬তে নিয়ে গিয়েছিলেন। সেই একই মূলনীতিতে ইরাককে গড়ে তুলেছেন। 

দলের অনেকের ৭০ থেকে ৯০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আছে। এটিই দলের বড় সম্পদ। 

আক্রমণ
আলি আল হামাদি আক্রমণের মূল হাতিয়ার। তিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে লুটন টাউনে খেলেন। বলিভিয়ার বিপক্ষে তার গোলটি ছিল ক্ষমতার নিদর্শন। তার গতি, কৌশল ও ফিনিশিং ক্ষমতা দলকে বিপজ্জনক করে তোলে।

আয়মেন হুসেন ৯০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন। তার ফিজিক্যালিটি ও এরিয়াল ডুয়েলে বল জেতার ক্ষমতা ডিফেন্ডারদের ব্যস্ত রাখে। বলিভিয়ার বিপক্ষে তার আগুনে শটে করা গোলটি মোটেও দুর্ঘটনা ছিল না।

জিদান আমার ইকবাল ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে বেরিয়ে এখন ইউট্রেখটে খেলছেন। তার দৃষ্টিভঙ্গি ও পাসের পরিসর ইরাককে একটি আলাদা মাত্রা দেয়। তিনিই পুরো দলের সবচেয়ে টেকনিক্যাল খেলোয়াড়।

পাল্টা আক্রমণই ইরাকের মূল অস্ত্র। সামনের খেলোয়াড়দের গতি ও দৃঢ়তা দিয়ে উঠে এসে ফুলব্যাকদের পেছনে জায়গা খুঁজে নেওয়াই তাদের পরিকল্পনা।

মিডফিল্ড
ইকবালের সৃজনশীলতাই মিডফিল্ডের সবচেয়ে মূল্যবান উপাদান। তার ফিটনেস ও ফর্ম তিনটি ম্যাচ জুড়ে ধরে রাখা অত্যন্ত জরুরি।

ইউসুফ আমিন ও আমির আল আম্মারি ইকবালের পাশে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন।

মিডফিল্ড লাইন মূলত ডিফেন্সিভ ব্লককে সুরক্ষিত রাখার জন্য কাজ করবে। বল হারালে দ্রুত পেছনে ফিরে ব্লক পুনর্গঠন করাই তাদের মূল দায়িত্ব।

রক্ষণ
ডিফেন্সিভ সংগঠনই কোচ আর্নল্ডের সবচেয়ে বড় অবদান। কোয়ালিফায়ারে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিপক্ষে ভালো রক্ষণাত্মক কাজ দেখিয়েছে। খেলোয়াড়দের ইউরোপীয় মান নেই কিন্তু সামগ্রিকভাবে তারা বেশ শক্তিশালী। 

গোলকিপার হিসেবে জালাল হাসানকেই রাখবেন আর্নল্ড। সুলাকা ও জায়েদ তাহসিন সেন্টার-ব্যাকে থাকবেন। মার্সাস দোস্কি ও হুসেইন আলি ফুলব্যাক হিসেবে খেলবেন।

সম্ভাব্য একাদশ
হাসান; হুসেইন আলি, তাহসিন, সুলাকা, দোস্কি; আমিন, ইকবাল, আল আম্মারি, বায়েশ; আয়মেন হুসেন, আল হামাদি।

সেট পিস তথ্য
কর্নার-আমির আল আম্মারি ও আলি জাসিম। 
ডিরেক্ট ফ্রি কিক-আল আম্মারি ও আয়মেন হুসেন। 
পেনাল্টি-আল আম্মারি ও আয়মেন হুসেন।

চ্যালেঞ্জ
প্রথম ম্যাচ নরওয়ের বিপক্ষে। এটিই একমাত্র ম্যাচ যেখানে পয়েন্ট পাওয়ার বাস্তব সম্ভাবনা আছে। হালান্ডকে আটকাতে হলে ৯০ মিনিট অত্যন্ত সুশৃঙ্খল ডিফেন্স করতে হবে।

মিডফিল্ডার ইকবালকে পুরো টুর্নামেন্ট জুড়ে সুরক্ষিত রাখতে হবে। তার মতো খেলোয়াড় দলে আর নেই। তিনি চোট পেলে ইরাকের সৃজনশীলতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

৪০ বছর পর বিশ্বমঞ্চে ফেরার আবেগ দলের শক্তি হতে পারে। কিন্তু অতিরিক্ত আবেগ মাঠে কৌশলী মনোযোগ নষ্ট করতে পারে। বিশেষত প্রতিটি ম্যাচের শুরুর মিনিটগুলোয় এটা বড় চ্যালেঞ্জ বটে।

ফ্রান্স ও সেনেগালের বিপক্ষে বড় হারের সম্ভাবনা আছে। সেই ফলাফল থেকে মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচে ফোকাস ধরে রাখাটা বড় পরীক্ষা।

দল প্রিভিউ– নরওয়ে
নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে। সর্বশেষ ১৯৯৮ সালে তারা বিশ্বকাপে খেলেছিল। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে সবচেয়ে অবিশ্বাস্য উপায়ে। নভেম্বর ২০২৫ সালে সান সিরোতে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ালিফাই করেছে।

আর্লিং হালান্ড সেই ম্যাচে তার ১৬তম কোয়ালিফাইং গোল করেছেন। কোয়ালিফায়ারে নরওয়ে আটটি ম্যাচে আটটিতেই জিতেছে। ৩৭ গোল করেছে মাত্র পাঁচটি গোল খেয়ে। এই পরিসংখ্যান বলছে সেই পারফরম্যান্স কতটা অসাধারণ ছিল।

কোচ স্টোলে সোলবাকেন ৪-৩-৩ ফরমেশন ব্যবহার করেন। এটি কখনো কখনো ৪-২-২-২ হয়ে যায়। মার্টিন ওডেগার্ড নম্বর টেনে খেলেন। উইঙ্গাররা প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লককে প্রসারিত করেন যাতে হালান্ড বিপজ্জনক জায়গায় বল পান।

আক্রমণ
আর্লিং হালান্ড এই বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার। তার আকার, গতি ও ফিনিশিং সমন্বয় অতুলনীয়। প্রতিটি ডিফেন্সিভ কোচকে হালান্ডকে আটকানোর পরিকল্পনা নিয়ে বিস্তর ভাবতে হচ্ছে।

মার্টিন ওডেগার্ড হালান্ডের গোল করার পথ তৈরি করেন। তার দৃষ্টিভঙ্গি ও পাসের পরিসর মধ্যবর্তী লাইনের মধ্যে দিয়ে হালান্ডকে খুঁজে বের করে। তার হাঁটুর আঘাতের সুরাহা এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিটনেস গল্প।

আন্তোনিও নুসা আরবি লিপজিগ থেকে আসা বিস্ফোরক উইঙ্গার। তার গতি ও ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তার দক্ষতা প্রতিপক্ষ ডিফেন্সকে ভাঙতে সহায়তা করে, যা আবার হালান্ডকে জায়গা করে দেয়।

আলেকজান্ডার শোরলথ আন্তর্জাতিক ফুটবলে ২৬ গোল করেছেন। তিনি শারীরিকভাবে শক্তিশালী এবং সেট পিসে বিপজ্জনক। হালান্ডের সঙ্গে জুটিতে বা বিকল্প হিসেবে, দুই ভাবেই কাজ করতে পারেন।

মিডফিল্ড
স্যান্ডার বার্গে ডিফেন্সিভ মিডে থেকে পেছনকে সুরক্ষিত রাখেন। প্যাট্রিক বার্গ তার পাশে কাজ করেন। এই দুইজন ওডেগার্ডকে সামনে সৃজনশীল থাকার স্বাধীনতা দেন।

ওডেগার্ড ফিট থাকলে এই মিডফিল্ড অত্যন্ত কার্যকর। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ দেখিয়েছে তাকে ছাড়া দলের সৃজনশীলতা কতটা কমে যায়।

ক্রিস্টিয়ান থোরস্তেভেট ও অস্কার বব বিকল্প হিসেবে মিডফিল্ডে গভীরতা দেন। তারা সেট পিসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রক্ষণ
টর্বিউর্ন হেগেম সেন্টার-ব্যাক হিসেবে জানুয়ারির পর থেকে বারবার আঘাত পেয়েছেন। তার ফিটনেস পুরোপুরি নিশ্চিত নয়। ক্রিস্টোফার এজার পাশে আরও নির্ভরযোগ্য বিকল্প। লিও অস্তিগার্ডও শুরু করার দাবি রাখেন।

অর্জান নিল্যান্ড গোলে থাকবেন। সেভিয়ায় অনিশ্চয়তা থাকলেও জাতীয় দলে তিনি নির্ভরযোগ্য।

নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি গোল খাওয়া দেখিয়েছে পূর্ণ শক্তির দল ছাড়া রক্ষণ ভাঙতে পারে। তবে গ্রুপ আইয়ের প্রতিপক্ষরা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী নয়।

সম্ভাব্য একাদশ
নিল্যান্ড; রাইয়ারসন, এজার, অস্তিগার্ড, উলফে; ওডেগার্ড, বার্গে, বার্গ; শোরলথ, হালান্ড, নুসা।

সেট পিস তথ্য
কর্নার-ওডেগার্ড, রাইয়ারসন, থোরস্তেভেট ও অস্কার বব। 
ডিরেক্ট ফ্রি কিক-ওডেগার্ড। 
পেনাল্টি-হালান্ড।

চ্যালেঞ্জ
হালান্ড ম্যানচেস্টার সিটিতে সবশেষ মৌসুমটা ভালো কাটাননি। বিশ্বকাপে তাকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে। 

ওডেগার্ডের হাঁটুর সমস্যা সবচেয়ে বড় ঝুঁকি। যদি তিনি পুরোপুরি ফিট না হয়ে আসেন তাহলে দলের আক্রমণ ব্যাপকভাবে দুর্বল হবে।

সেনেগালের বিপক্ষে ম্যাচ দ্বিতীয় স্থান নির্ধারণের লড়াই হবে। নরওয়েকে আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচে নামতে হবে। আগে ইরাকের বিপক্ষে সর্বোচ্চ পয়েন্ট নিশ্চিত করতে হবে।

হেগেমের ফিটনেস অনিশ্চয়তা রক্ষণে অস্থিরতা তৈরি করতে পারে। সঠিক সেন্টার-ব্যাক জুটি না পেলে আক্রমণাত্মক দলের বিপক্ষে মূল্য দিতে হবে।

প্রেডিকশন
ফ্রান্স গ্রুপ জিতবে এটাই ধরে নেওয়া হচ্ছে। দ্বিতীয় স্থানের লড়াই হবে নরওয়ে ও সেনেগালের মধ্যে। ২২ জুন নিউ জার্সিতে তাদের মুখোমুখি হওয়াটা কার্যত গ্রুপের দ্বিতীয় পর্যায়ের ফাইনাল।

সেনেগাল সেই ম্যাচ জিতলে তারা সরাসরি নকআউটে যাবে। ড্র হলে ইরাকের বিপক্ষে সর্বোচ্চ পয়েন্ট নিতে হবে। হারলে তৃতীয় স্থানই সম্ভাব্য পরিণতি।

নরওয়ে হালান্ড ও ওডেগার্ড পুরোপুরি ফিট হলে দ্বিতীয় স্থানের দাবিদার। কিন্তু মার্চের পারফরম্যান্স সেই প্রশ্ন তুলে দিয়েছে।

আপাতদৃষ্টে মনে হচ্ছে, ৪০ বছর পর ইরাকের বিশ্বকাপযাত্রাটা গ্রুপ পর্বেই শেষ হতে চলেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

আরও পড়ুন

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম