Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৫ এএম

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

কাতারের লুসাইলে আর্জেন্টিনা–ফ্রান্সের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মারচিনিয়াক।

Advertisement

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা–ফ্রান্সের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালের কথা এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি পরিচালনা করেছিলেন পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াক, যিনি তার নিখুঁত ও সাহসী সিদ্ধান্তের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

সাড়ে তিন বছর পর আবারও আলোচনায় সেই পরিচিত মুখ। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল আলজেরিয়ার মুখোমুখি হবে। কানসাস সিটির ‘জে’ গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মারচিনিয়াককে।

বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসেবে বিবেচিত ৪৫ বছর বয়সি এই পোলিশ অফিসিয়াল কাতার বিশ্বকাপ ফাইনালে ভিএআরের ওপর খুব বেশি নির্ভর না করেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরামের ডাইভিং ধরে ফেলা, যা টিভি রিপ্লেতে প্রথমে অনেকেই ফাউল মনে করেছিলেন। সেই ম্যাচে অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় থাকা ম্যাচে তিনি মোট ৭টি হলুদ কার্ড দেখিয়েছিলেন।   

আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় মারচিনিয়াক নতুন নন। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি দায়িত্ব পালন করেন, যেখানে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছিল এবং লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচে তিনি কোনো কার্ড দেখাননি।

এরপর ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও তিনি ছিলেন রেফারি, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পায় এবং তিনি দুটি হলুদ কার্ড দেখান।

২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে মারচিনিয়াক ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বহু বড় ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তিনি সফলভাবে শেষ করেন কোনো বড় বিতর্ক ছাড়াই।

এছাড়া ২০২৪ ইউরোর ফাইনালে স্পেন ও ইংল্যান্ড ম্যাচে তিনি ফোর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাকে ২০২২ সালের বিশ্বসেরা রেফারি হিসেবেও নির্বাচিত করে।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামা আর্জেন্টিনা ও অঘটনের স্বপ্ন দেখা আলজেরিয়ার ম্যাচে তাই আবারও কেন্দ্রবিন্দুতে থাকবেন সেই অভিজ্ঞ পোলিশ রেফারি। ফুটবল বিশ্ব অপেক্ষায় থাকবে মারচিনিয়াকের বাঁশির ইশারার দিকে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম