Logo
Logo
×
   

Advertisement

খেলা

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: স্কালোনি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: স্কালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

Advertisement

আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের দিন কাটছে আনন্দেই। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা একের পর এক ম্যাচ জিতে চলেছেন। এবার আর্জেন্টিনা ষষ্ঠবারের মতো উঠে গেল সেমিফাইনালে। তবে আনন্দের আতিশয্যে কেউ যেন নিজেদের বিপদ ডেকে না আনেন, সে ব্যাপারে চোখ-কান খোলা রাখার পরামর্শ কোচ লিওনেল স্কালোনি। 

কানসাসে রোববার (১২ জুলাই) বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ বাঁশি বাজার পর মেসিদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। সেমিফাইনাল নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা যেন সতর্ক থাকেন, তারা যেন সাবধানে থাকে। আর যদি কেউ মদ্যপান করেন, তবে যেন গাড়ি না চালান। তারা যেন আনন্দ করেন। আমরা সেমিফাইনালে উঠেছি। যা কিছু ঘটেছে, সেটা দেখার পর মনে হচ্ছে এটি একটি অবিশ্বাস্য কৃতিত্ব।’

সুইজারল্যান্ডকে হারানোর আগেই আর্জেন্টিনা জেনে গেছে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ। মায়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে সেমিফাইনালে। ১৫ জুলাই আটলান্টায় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। তবে প্রতিপক্ষ যে-ই হোক, তা নিয়ে চিন্তিত নন স্কালোনি। সুইসদের ৩-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কোচ বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে—তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।’ 

নরওয়ের বিপক্ষে আজ পিছিয়ে থেকে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। ইংলিশদের দুটি গোলই করেছেন জুড বেলিংহাম। এর আগে শেষ বত্রিশে ডিআর কঙ্গোর বিপক্ষে যখন ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাজিক দেখিয়েছিলেন হ্যারি কেন। ৭৫ থেকে ৮৬—এই ১১ মিনিটের মাথায় আটলান্টায় গত ১ জুলাই জোড়া গোল করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। সেই ম্যাচে পিছিয়ে থাকার পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ফুটবলারদের এমনভাবে উদ্বুদ্ধ করেছিলেন, শেষ পর্যন্ত ইংলিশরা জিতেছিল ২-১ গোলে।

টুখেলকে সেরা কোচ মানলেও মাঠের লড়াইয়ে হার মানতে নারাজ স্কালোনি। কোয়ার্টার ফাইনালে জয়ের পর সুইজারল্যান্ড কোচ বলেন, ‘এটা একটি ফুটবল ম্যাচ। বার্তাও থাকবে সেরকমই। এর বাইরে অন্য কিছু খোঁজার দরকার নেই। তাদের একজন অসাধারণ কোচ (টমাস টুখেল) আছেন। তাকে আমি খুবই শ্রদ্ধা করি। কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু একটি ফুটবল ম্যাচ। এর বেশি কিছু নয়।’

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতায় বিশ্বকাপ ফুটবলে ঘটল এক ইতিহাস। ফিফা র্যাংকিংয়ের প্রথম চারে থাকা দলগুলো এবারই প্রথমবারের মতো খেলছে সেমিফাইনালে। ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। বর্তমান র্যাংকিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর আটলান্টায় ১৫ জুলাই হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি যখন ঠিক করা হয়েছিল, তখনো র্যাংকিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম