Logo
Logo
×
   

Advertisement

খেলা

মাদক মামলায় আটক সেই ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফারি!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

মাদক মামলায় আটক সেই ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফারি!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের পরিচিত এই রেফারি একসময় মাদক ও পতিতাবৃত্তি–সংশ্লিষ্ট একটি আলোচিত পুলিশ অভিযানে জড়িয়ে শিরোনামেও এসেছিলেন।

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচেই বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সি ভিনচিচ।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির মধ্যকার সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও তার অধীনে অনুষ্ঠিত হয়েছিল। এবারের বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ পরিচালনা।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি বিশেষ স্মৃতিও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের চমকপ্রদ পরাজয়ের ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন তিনিই।

চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডরসহ বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি ১৫টি হলুদ ও একটি লাল কার্ড প্রদর্শন করেছেন।

তবে মাঠের পারফরম্যান্সের বাইরে ২০২০ সালে এক বিতর্কিত ঘটনার কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসেন ভিনচিচ। বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রবিরোধী একটি পুলিশ অভিযানের সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

পুলিশ জানিয়েছিল, অভিযানে নয়জন নারী ও ২৬ জন পুরুষকে পাওয়া যায়। এছাড়া ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।   

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ভিনচিচ। তার দাবি, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন এবং পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

ঘটনাটি নিয়ে পরে তিনি বলেন, আমি শুধু দুপুরের খাবারের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। পরে বুঝতে পেরেছি, সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।

সেই সময় স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পক্ষে অবস্থান নেয়। ফেডারেশনের মতে, ভিনচিচ ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং চালিয়ে যান এবং গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্বও পেয়ে আসছেন।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেও তার ওপর আস্থা রেখেছে ফিফা। ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম