Logo
Logo
×
   

Advertisement

খেলা

যদি ফাইনালে হারতে হয়, আর্জেন্টিনার কাছেই হারতে চাই: নাদাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

যদি ফাইনালে হারতে হয়, আর্জেন্টিনার কাছেই হারতে চাই: নাদাল

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল।

Advertisement

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল শুধু কোর্টেই নন, ফুটবলের প্রতিও সমান অনুরাগী। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে স্পেনের এ কিংবদন্তি টেনিস তারকা জানিয়েছেন, সমর্থন অবশ্যই নিজের দেশের পক্ষেই থাকবে। তবে তিনি মনে করেন, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ফাইনালে স্পেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে বসেই তিনি বিশ্বকাপের ফাইনাল উপভোগ করবেন। আর্জেন্টিনার খেলার ধরন বিশ্লেষণ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, দলটি পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে বেশ দক্ষ।

নাদালের ভাষায়, ‘আর্জেন্টিনা তাদের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগাতে জানে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধ হয়তো খুব বেশি উপভোগ্য ছিল না, কিন্তু পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তারা সম্পূর্ণ ভিন্ন রূপ দেখিয়েছে। তখনই তারা নিজেদের সেরা ফুটবল খেলতে শুরু করে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।’

নাদালের মতে, স্পেনের উচিত প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা, ‘এটি এমন একটি ম্যাচ, যেখানে দুই দলই নিজেদের শক্তির ওপর ভর করবে। আমাদেরও নিজেদের শক্তি রয়েছে, আর সেটাই কাজে লাগাতে হবে। প্রতিপক্ষ কী করছে, সেটা ভুলে গিয়ে আমরা যদি পুরো বিশ্বকাপে যেভাবে খেলেছি, সেই মান ধরে রাখতে পারি, তাহলে আমাদের হারানো তাদের জন্য খুব কঠিন হবে।’

২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল মনে করেন, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং ঠিক সময়েই নিজেদের সেরা ছন্দে পৌঁছেছে, ‘প্রথম দিন থেকে আজ পর্যন্ত দলটি ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আমার মনে হয়, তারা ঠিক সবচেয়ে ভালো সময়েই ফাইনালে পৌঁছেছে। অবশ্যই প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, তাদের অসাধারণ সমর্থকগোষ্ঠী রয়েছে। তবে আমাদের সমর্থকরাও কোনো অংশে কম নয়।’   

আর্জেন্টিনার প্রতি সম্মান রেখেও নাদাল মনে করেন, এখন পর্যন্ত দলগত পারফরম্যান্সে স্পেন কিছুটা এগিয়ে, ‘আর্জেন্টিনার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তবে আমরাও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবং আমাদের একটি দারুণ দল রয়েছে। আমার মনে হয়, দল হিসেবে আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনার চেয়ে একটু ভালো ফুটবল খেলেছি। তবুও এটি অত্যন্ত কঠিন ম্যাচ। তাদের এমন কিছু খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বড় ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটা তারা ভালোই জানে। কিন্তু আমার বিশ্বাস, আমরা জিতব। কারণ ফাইনালে ছোট ছোট বিষয়ই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়।’

শেষে স্পষ্ট করে দেন, তিনি সর্বশক্তি দিয়ে স্পেনকেই সমর্থন করবেন। তবে ভাগ্য যদি অন্য কিছু লিখে রাখে, তাহলে হারলেও আর্জেন্টিনার কাছেই হারতে চাইবেন, ‘অবশ্যই আমি প্রাণভরে স্পেনকে সমর্থন করবো। কিন্তু যদি ফাইনালে হারতেই হয়, তাহলে আর্জেন্টিনার কাছেই হারতে চাই। আমার সেখানে অনেক বন্ধু ও পরিচিত মানুষ আছে। যদি এমন কোনো দল থাকে, যার কাছে হারলে আমার কম কষ্ট হবে, তাহলে সেটা আর্জেন্টিনা এবং তাদের কোচ।’

রাফায়েল নাদালের এ মন্তব্যে যেমন স্পেনের প্রতি তার অটুট সমর্থনের প্রকাশ ঘটেছে, ঠিক তেমনি ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে আর্জেন্টিনা এবং লিওনেল স্কালোনির প্রতি তার গভীর শ্রদ্ধাও ফুটে উঠেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম