Logo
Logo
×
   

Advertisement

খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ এএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

সংগৃহীত

Advertisement

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শেষ হলো সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এক আন্তর্জাতিক ক্যারিয়ার। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন নিকোলাস ওতামেন্দি। দেশের হয়ে তিনি খেলেছেন ১৩৯ ম্যাচ।

সম্প্রতি রিভার প্লেটে যোগ দেওয়া ৩৮ বছর বয়সি এ ডিফেন্ডার তার সিদ্ধান্তের কথা জানান সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে। ওতামেন্দি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে যে সম্মান দিয়েছে, তার মধ্যে এটাই সবচেয়ে বড়।’

বিদায়ী বার্তায় ওতামেন্দি স্পেনের বিপক্ষে হারের কথা তুলে ধরেন। এ ম্যাচটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তিনি বলেন, ‘নিয়তি চেয়েছিল আমার শেষ ম্যাচটা যেন হয় একটা বিশ্বকাপ ফাইনাল। ফলাফলটা আমরা যা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, কারণ এই দল একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমি জানি আমি সবকিছু উজাড় করে দিয়েছি।’

এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক তার পুরো ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনারা আমাদের এই অনুভূতি দিয়েছেন যে, জাতীয় সংগীত বাজলে আমরা শুধু এগারোজন খেলোয়াড় নই, বরং একই স্বপ্ন রক্ষা করা লাখো মানুষ।’

ওতামেন্দি আগেই বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ টুর্নামেন্ট। তবে তার আনুষ্ঠানিক অবসর এলো বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েক দিন পরই।

আর্জেন্টিনার হয়ে ওতামেন্দি খেলেছেন মোট ১৩৯টি ম্যাচ, যার মধ্যে আছে ২১টি বিশ্বকাপ ম্যাচ। গোল করেছেন আটটি। তিনি দেশের হয়ে ২০১০, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন। কাতারে জিতেছেন শিরোপা, আর ২০২৬ সালে হয়েছেন রানার্স-আপ। এ ছাড়া ২০২১ আর ২০২৪ কোপা আমেরিকা, এবং ২০২২ সালে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়েও ভূমিকা রেখেছিলেন তিনি। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম