বেঁকে বসেছে এশিয়াও, ঝুঁকির মুখে ফিফার পরিকল্পনা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির যে পরিকল্পনা করেছে ফিফা, একে একে সেটা বাস্তবায়নের সকল দুয়ার যেন বন্ধ হয়ে যাচ্ছে। উয়েফা ও কনক্যাকাফের পর, এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) ফিফার ওই প্রস্তাবের বিরোধিতা করেছে।
এএফসি শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, ইউরোপ এবং উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা দুটির সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত পোষণ করে তারাও।
বিবৃতিতে এএফসি আরও লিখেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বৃহত্তর পরিসরে ঐক্যমত এবং (সব সংস্থার মধ্যে) যে ঐক্যের প্রয়োজন, তা পাবে না।
বিতর্কিত বিষয়টি একদম হঠাৎ করেই গত মঙ্গলবার সামনে আনে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
ফিফার বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করা হবে, এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাবও উত্থাপন করা হবে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম’ তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ অবশ্য নিজেদের কাছেই রাখবে সংস্থাটি। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এতে ‘মাইনোরিটি শেয়ার’ বিক্রির প্রস্তাব দেওয়া হবে।
ফিফার এই ঘোষণা সামনে আসার পরপরই এর তীব্র বিরোধিতা করে উয়েফা। তখনই সরাসরি তারা জানিয়ে দেয়, ফুটবলের আত্মা ও শাসনব্যবস্থা কোনো কেনাবেচার সম্পদ নয়-বিশেষ করে যখন আর্থিকভাবে কারা লাভবান হচ্ছে, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। আমরা কেউই ফুটবলের মালিক নই। এটা ফিফার বিক্রি করার বিষয় নয়।

