সেল্টা ভিগো ও ওসাসুনার ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
|
ফলো করুন |
|
|---|---|
গোড়ায় গলদ। লা লিগার নতুন মৌসুম শুরুতেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
মৌসুম শুরুর আগেই যে অদ্ভুত এক কারণে একটা ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। ঘরের মাঠে ম্যাচটি খেলার কথা ছিল সেল্টা ভিগোর। তবে খেলার অনুপযোগী হওয়ায় অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, সেল্টা ভিগো, ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিতের সিদ্ধান্তে একমত হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নতুন সূচিতে ২৭ আগস্ট ম্যাচটি হবে।
নতুন সূচি নিয়েই আপত্তি তুলেছে ওসাসুনা। তাদের চাওয়া ২৭ আগস্ট না হয়ে ম্যাচটি ২৪ /২৫ সেপ্টেম্বর হোক।
তারা জানিয়েছে, আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বরে ম্যাচটি আয়োজনে দুই ক্লাবের সম্মতি ছিল। কারণ আন্তর্জাতিক বিরতির সময় হলে দুই দলের সূচিতে বাড়তি চাপ পড়ত না এবং মৌসুমের শুরুর দিকে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগও মিলত।
এক বিবৃতিতে ওসাসুনা লিখেছে, ‘দুই ক্লাবের অনুরোধ রাখেনি লা লিগা বা আরএফইএফ। উল্টো একতরফা ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটিই আবার নতুন সূচিতে আরো বেশি ক্ষতির মুখে পড়ল।
বিবৃতির শেষ কটাক্ষ করে ওসাসুনা লিখেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’ এর আগে ম্যাচটি আয়োজন করা যাবে কিনা সে জন্য গত বুধবার সেল্টার মাঠ এস্তাদিও দে বালাইদোস পরিদর্শন করেন লিগ কর্মকর্তারা। তবে উন্নতি না হওয়ায় ম্যাচ শুরুর তিন দিন আগে ম্যাচ স্থগিত করা হয়েছে।

