ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে যা বললেন পাকিস্তানের কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিমকে নিয়ে স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন উঠে।
এ ব্যাপারে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি।”
এক সাংবাদিক জানতে চান,পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি সত্ত্বেও স্কাই স্পোর্টস ওই সাক্ষাৎকার সম্প্রচার করায় পাকিস্তানি ক্রিকেটাররা দ্বিতীয় সেশনে খেলতে মাঠে নামবেন না? প্রশ্নটি শেষ হওয়ার আগেই সরফরাজ বলতে শুরু করেন, “না, না, না, না, না।”
এরপর তিনি বলেন, ‘আপনি সাক্ষাৎকারের কথা বলছেন? আমরা সাক্ষাৎকার সম্পর্কে কিছুই জানি না। সব ঠিক আছে। ওই সময় আমরা লাঞ্চ করছিলাম।’
মাইকেল আথারটনের নেওয়া সেই সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম তাদের কারাবন্দি বাবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ইমরান খানের সাক্ষাৎকারটি স্কাই স্পোর্টসে সম্প্রচারিত হয় এবং পাকিস্তানের ক্রিকেটাররাও মাঠে নামেন। পাকিস্তানে এই টেস্ট সিরিজের সম্প্রচার করছে সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি, যারা স্কাইয়ের ফিড ব্যবহার করছে। তবে সাক্ষাৎকারের সময় সেটি সরাসরি সম্প্রচার না করে বিজ্ঞাপন দেখায় পিটিভি।
পাকিস্তানের হয়ে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান খান। তাকে মনে করা হয় সর্বকালের সেরা পেসারদের একজন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ইমরান খানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। যা এখনও ক্রিকেটের ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তিনি অবিসংবাদিত।
ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি।
