Logo
Logo
×
   

খেলা

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেই দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে আমেরিকান ২০তম বাছাই টমি পলকে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্পেনের এই তারকা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) ২৩ বছর বয়সি আলকারাজ ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারান পলকে। চলতি ইউএস ওপেনে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেও মাত্র একটি সেট হারিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই বেন শেলটন।

কবজির চোটের কারণে এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি আলকারাজ। এর আগে অবশ্য দুর্দান্ত ধারাবাহিকতায় গত বছরের ইউএস ওপেন ও চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন—টানা দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। টমি পলের বিপক্ষে সরাসরি সেটের জয়ে গ্র্যান্ড স্ল্যামে তার টানা ম্যাচ জয়ের সংখ্যা এখন ১৮।

অন্যদিকে, শেষ ষোলোতে গ্রিসের স্টেফানোস সিৎসিপাসকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বেন শেলটন।

ট্যুর পর্যায়ে এখন পর্যন্ত শেলটনের মুখোমুখি তিনবার হয়েছেন আলকারাজ। প্রতিবারই জয় পেয়েছেন স্প্যানিশ তারকা। তবে এবার শেলটনের শক্তিশালী সার্ভ আলকারাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন টেনিস খেলোয়াড় জেফ তারাঙ্গো। বিশেষ করে দীর্ঘদিন পর কোর্টে ফেরা এবং সাম্প্রতিক কবজির চোটের বিষয়টি বিবেচনায় নিলে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আলকারাজের জন্য শেলটনের সার্ভ গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম