ছবি: সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নতুন সংকটে পড়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপকে (সিএফজি) ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট। চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে থাকলেও আর্থিক অনিয়মের রায়ের কারণে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সিটি ফুটবল গ্রুপকে বড় অঙ্কের অর্থায়ন করতে যাচ্ছিল অ্যাপোলো। কিন্তু গত সেপ্টেম্বরে স্বাধীন কমিশনের দেওয়া রায়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক তথ্য বিকৃত করে দেখানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পর পরিস্থিতি পালটে যায়। অভিযোগ অনুযায়ী, দীর্ঘ নয় বছরে ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক অবস্থান কৃত্রিমভাবে বাড়িয়ে দেখিয়েছিল ক্লাবটি।
সিটি ফুটবল গ্রুপের সবচেয়ে মূল্যবান সম্পদ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে ক্লাবটির সম্ভাব্য শাস্তি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। জরিমানা ও পয়েন্ট কর্তনের পাশাপাশি সবচেয়ে কঠোর ব্যবস্থা হিসেবে প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের সম্ভাবনাও রয়েছে।
২০০৮ সাল থেকে আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের মালিকানায় রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ক্লাবটি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক বিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনাও রয়েছে তাদের।
অ্যাপোলোর সঙ্গে ২০০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি বাতিল হওয়ায় সিটি ফুটবল গ্রুপের আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আপিলের ফলাফল এবং সম্ভাব্য শাস্তির বিষয়টি এখন ক্লাবটির জন্য বড় উদ্বেগের কারণ। সূত্রের খবর, আগামী মাসে সিটির আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে ক্লাবটি হেরে গেলে আগামী বছর শাস্তির ঘোষণা আসতে পারে।
এদিকে যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, কমিশনের রায় প্রকাশের পরের মাসেই শেখ মনসুর তার প্রতিষ্ঠান নিউটন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সিটি ফুটবল গ্রুপে নতুন করে ১০ কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন।
ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন ফুটবল ক্লাবের মালিকানা থাকা সিটি ফুটবল গ্রুপের জন্য অ্যাপোলোর প্রস্তাবিত ঋণটি ছিল গুরুত্বপূর্ণ। এই অর্থ দিয়ে গ্রুপটির নগদ অর্থের প্রবাহ বাড়ানোর পাশাপাশি পুরোনো ঋণ পরিশোধের পরিকল্পনাও ছিল। কিন্তু ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ভুয়া বাণিজ্যিক চুক্তি এবং ব্যয়সীমা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিনিয়োগ থেকে সরে দাঁড়ায় মার্কিন প্রতিষ্ঠানটি।
স্বাধীন কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, শেখ মনসুরের নিয়ন্ত্রণাধীন আবুধাবির একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যানচেস্টার সিটির কয়েকটি বাণিজ্যিক স্পন্সর প্রতিষ্ঠানের হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছিল। আর্থিক অনিয়মের অভিযোগগুলোর মধ্যে এটিও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।
এর আগে ২০১৯ সালে ৫০ কোটি ডলারের বিনিময়ে সিটি ফুটবল গ্রুপের সংখ্যালঘু অংশীদারিত্ব কিনেছিল মার্কিন প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান সিলভার লেক। ওই চুক্তিতে পুরো গ্রুপের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৮০ কোটি ডলার।
অন্যদিকে এক ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনা করা অ্যাপোলো সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগকারী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। ইউরোপীয় ফুটবলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলেও রয়েছে তাদের বিনিয়োগ।
গত বছর দুই বিলিয়ন ইউরোর বেশি মূল্যে স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদের সংখ্যাগরিষ্ঠ মালিকানা কেনার বিষয়ে সম্মত হয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে ৮ কোটি পাউন্ড ঋণ দেয় অ্যাপোলো। গত আগস্টে নিউইয়র্ক ইয়াঙ্কিসের মূল কোম্পানিকে ২৬০ কোটি ডলার অর্থায়নের ঘোষণাও দিয়েছিল তারা।
তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঋণচুক্তি বাতিলের বিষয়ে সিটি ফুটবল গ্রুপ কিংবা অ্যাপোলো—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

-6afeb05d945bb.jpg)