Logo
Logo
×
   

খেলা

পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

পাকিস্তান ক্রিকেট দলে ধারাবাহিক পরিবর্তন ও কোচিং স্টাফে রদবদল নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার সাঈদ আজমল। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো এবং দলের কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্তকে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব হিসেবে দেখছেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে দলে ব্যাপক পরিবর্তন এনে স্থিতিশীলতা আরও নষ্ট করা হচ্ছে বলে মনে করেন আজমল। তার দাবি, পাকিস্তান ক্রিকেট গত এক দশকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঘাটতিই এর অন্যতম কারণ।

আজমলের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ধারাবাহিকভাবে সুযোগ না দিয়ে তাদের আত্মবিশ্বাস দুর্বল করছে। ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরও বাদ দেওয়ার কারণে দলের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দলের সাম্প্রতিক পরিস্থিতির জন্য হাই-পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ ও টেস্ট দলের কোচ মাইক হেসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আজমল। তার অভিযোগ, ক্রিকেটীয় পরিকল্পনার পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ ও অহংবোধও সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে একজন খেলোয়াড়কে নিজেকে প্রমাণ করার জন্য নিয়মিত সুযোগ ও সময় দেওয়া প্রয়োজন। কিন্তু পাকিস্তান দলে প্রায় প্রতিটি সিরিজের পর পরিবর্তন আসায় ক্রিকেটাররা নিজেদের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছেন না।

সালমান আগার প্রসঙ্গ টেনে আজমল বলেন, তিনি প্রতিভাবান খেলোয়াড় হলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তবে এমন পরিস্থিতিতে বাদ দেওয়ার বদলে খেলোয়াড়দের সঙ্গে কাজ করে তাদের উন্নতির সুযোগ দেওয়া উচিত।

পাকিস্তান ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে হলে ঘন ঘন পরিবর্তনের বদলে স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম