Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভারতের ক্রিকেটে নতুন তিন স্পন্সর, আয় বাড়ছে ৪৪ শতাংশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

ভারতের ক্রিকেটে নতুন তিন স্পন্সর, আয় বাড়ছে ৪৪ শতাংশ

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে পরিচিত। এবার ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের আয় আরও বাড়তে যাচ্ছে। আগামী দুই মৌসুমের জন্য হোম সিরিজের সহযোগী স্পন্সর হিসেবে তিনটি নতুন প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়েছে বিসিসিআই।

নতুন স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে পানীয় ব্র্যান্ড ক্যাম্পা, জীবনবিমা প্রতিষ্ঠান SBI Life এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ChatGPT। বিসিসিআই জানিয়েছে, এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে দুই মৌসুমে ১৩০ কোটি টাকার বেশি আয় করবে তারা।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সীমিত ওভারের সিরিজ দিয়েই শুরু হবে নতুন স্পন্সরদের সঙ্গে বিসিসিআইয়ের পথচলা। চুক্তিটি কার্যকর থাকবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতের ঘরের মাঠে মোট ৩৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিসিসিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আগের স্পন্সরশিপ চক্রের তুলনায় এবার বাণিজ্যিক মূল্য প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। পানীয়, জীবনবিমা ও কৃত্রিম বুদ্ধিমত্তা—ভিন্ন তিনটি খাতের বড় প্রতিষ্ঠান ভারতীয় ক্রিকেটে বিনিয়োগ করায় দেশটির ক্রিকেটের বাণিজ্যিক গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও নতুন চুক্তিগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ভারতের ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ ক্রীড়াঙ্গনের অন্যতম মূল্যবান সম্পদ। ক্যাম্পা, SBI Life ও ChatGPT-এর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অংশগ্রহণ ভারতীয় ক্রিকেটের প্রতি করপোরেট বিশ্বের আস্থারই প্রতিফলন।

এই আর্থিক প্রবৃদ্ধি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াও একই ধরনের মন্তব্য করেছেন। তার মতে, হোম-সিজনের স্পন্সরশিপ ফি ৪৪ শতাংশ বৃদ্ধি পাওয়াই দেখিয়ে দেয় ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কতটা বেশি।

তবে সহযোগী স্পন্সর পেলেও এখনো টাইটেল স্পন্সর নিশ্চিত করতে পারেনি বিসিসিআই। ২০২৬ সালের আগস্টে IDFC First Bank-এর সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন টাইটেল স্পন্সরের সন্ধানে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম