মাঠে বৈরিতা দেখাল দল, গ্যালারিতে ঠিকই খোশগল্পে মাতলেন ভারত-পাকিস্তানের কর্তারা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা চলছেই। টানা দ্বিতীয় বারের মতো এশিয়া কাপ ট্রফি নাটক ঘটল। রোববার দুবাইয়ে শিরোপা জেতার পরও ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি।
তবে টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে, ম্যাচ চলাকালীন সাইকিয়া নাকভির সঙ্গে দেখা করেছেন। ম্যাচ শেষে খেলোয়াড়রা হ্যান্ডশেক করার সময় সম্প্রচারে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রয়্যাল বক্স দেখানো হয়। সেখানে নাকভি প্রথমে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে কুশল বিনিময় করেন, তারপর সাইকিয়ার সঙ্গে কথা বলেন।
বিষয়টা নিয়ে তোপের মুখেই পড়ে গেছেন সাইকিয়া। দল যখন মাঠে বৈরিতা দেখাচ্ছে পাকিস্তানের সঙ্গে, তখন গ্যালারিতে কেন পাকিস্তানের এক মন্ত্রীর সঙ্গে এভাবে খোশগল্প করলেন? এই বৈঠক নিয়ে জিজ্ঞেস করা হলে সাইকিয়া বলেন এটা ম্যাচ দিনের স্বাভাবিক রীতি এবং এতে ট্রফি প্রদানে বিসিসিআইয়ের অবস্থান বদলায়নি।
তিনি বলেন, ‘এমন নয় যে আমরা কারো সঙ্গে দেখা করব না। টস থেকে খেলা শেষ পর্যন্ত আমি রয়্যাল বক্সে বাইরের আসনে বসে ছিলাম। সেখানে বসে থাকায় পুরো ম্যাচ জুড়ে সেখানেই ছিলাম। যে এলেন তিনিই আমার সঙ্গে দেখা করলেন। কেউ পাশে বসলেন, তারপর রাজীব শুক্লা এসে বসলেন। যার কথা বললেন (নাকভি), তিনিও ডেপুটি চেয়ারম্যান খালিদ সাহেবকে নিয়ে পাশে বসলেন। এটা স্বাভাবিক রেওয়াজ — কেউ এলে আমরা সবার সঙ্গে দেখা করি, কথা বলি।’
উল্লেখ্য, গত বছর ভারতের পুরুষ দলও নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি ও পদক নিতে অস্বীকার করেছিল। সেই ট্রফি এখনো এসিসি কার্যালয়েই রয়ে গেছে। সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল সেসময় মঞ্চে দাঁড়িয়ে ট্রফি ছাড়াই আনন্দ উদযাপন করেছিল।
এবার অবশ্য ভারতীয় মহিলা দলের খেলোয়াড়রা মাঠেই ফেরেননি। বিসিসিআই সম্পাদক সাইকিয়া নন্দিনী শর্মাকে ঘরোয়াভাবে সেরা ফিল্ডারের পদক দেওয়ার পরও তারা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেননি।
