Logo
Logo
×
   

Advertisement

খেলা

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

ফাইল ছবি

Advertisement

জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান গেমস। এই আসরের পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক জাপান ও আফগানিস্তান। এশিয়ান গেমসে চতুর্থবারের মতো ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া যাক।

কবে থেকে, কতটি দল খেলবে?

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। মোট ১০টি দল অংশ নেবে।

আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় সরাসরি জায়গা পেয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। এ ছাড়া চলতি বছরের জুনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের বাছাইপর্ব থেকে সেরা চার দল হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান মূল পর্বে জায়গা করে নিয়েছে। স্বাগতিক হিসেবে খেলবে জাপান। ২০২৩ সালের আসরেও খেলেছিল তারা। সেবার গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতেছিল এবং একটি হেরেছিল।

কেমন হবে টুর্নামেন্টের ফরম্যাট?

কম র্যাঙ্কিংয়ের ছয় দলকে তিনটি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তান এই পর্বে খেলবে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দল নিজেদের গ্রুপে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। পূর্ণ সদস্য বাকি চার দল আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে নকআউট পর্ব। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, দ্বিতীয়টি দুপুর ২টায়।

যাদের দিকে থাকবে নজর

ভারতের বৈভব সূর্যবংশী খেললে এবং জাসপ্রিত বুমরাহ থাকলে তারা থাকবেন আকর্ষণের কেন্দ্রে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসের। পাকিস্তানের হয়ে ফিরেছেন প্রতিভাবান ব্যাটার সাইম আইয়ুব।

নেপালের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে চাপে ফেলেছিল নেপাল। স্বাগতিক জাপানের অধিনায়ক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিংও থাকবেন আলোচনায়। ৩০ বছর বয়সী এই ওপেনার জাপানের সর্বোচ্চ রান সংগ্রাহক।

কে ফেভারিট?

আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এশিয়ান গেমসের জন্যও তারা পূর্ণ শক্তির দল পাঠিয়েছে। বাংলাদেশেরও পূর্ণ শক্তির দল খেলছে। আইসিসি দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ভারতকে এই টুর্নামেন্টের অন্যতম বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

ভারত-পাকিস্তান কি মুখোমুখি হবে?

নিশ্চিত নয়। তবে দুই দলই নকআউট পর্বে ভালো করতে পারলে ৩ অক্টোবর ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে পারে।

আগের আসরে কী হয়েছিল?

২০১০ সালে প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। সেবার ফাইনালে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে পুরুষদের সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ ও ২০২৩ সালেও ক্রিকেট অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশের ম্যাচের সূচি

২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বেলা ১১টায় শুরু হতে যাওয়া ওই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে লিটন দাসের দল। হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্য থেকে নির্ধারিত হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। আর সোনার লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে?

নকআউট ম্যাচে বৃষ্টির কারণে কোনো ফল না এলে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।

কোথায় হবে ম্যাচ, বৃষ্টির শঙ্কা কতটা?

সব ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের নিসশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। নাগোয়ার উপকণ্ঠে অবস্থিত এই মাঠে নারী ক্রিকেটের ম্যাচও অনুষ্ঠিত হবে। মাঠে হাইব্রিড পিচ ব্যবহার করা হচ্ছে।

নারীদের টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছিল। ২৪ সেপ্টেম্বর থেকে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় পুরুষদের ম্যাচেও আবহাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম