প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইপিএলে এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করলেও এবারই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি। ২০২৭ আইপিএল মৌসুম সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত গাঙ্গুলি। অন্যদিকে গত দুই মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। শুরুতে পরামর্শক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করেছেন গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের পরিচালক হিসেবেও কাজ করেছেন সাবেক এই অধিনায়ক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন গাঙ্গুলি।
দিল্লির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে গাঙ্গুলি জানান, আইপিএলে কোচের ভূমিকায় কাজ করার জন্য তিনি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। দিল্লি ক্যাপিটালস তার কাছে বিশেষ একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেন তিনি।
গাঙ্গুলি বলেন, দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। ফলে নতুন দায়িত্বকে ঘিরে তার আগ্রহ আরও বেশি। দলে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী দল গড়ে তোলার লক্ষ্যও জানিয়েছেন তিনি।
আইপিএলে এখনো শিরোপার স্বাদ না পাওয়া দিল্লিকে প্রথমবার চ্যাম্পিয়ন করাই হবে গাঙ্গুলির অন্যতম বড় চ্যালেঞ্জ। আইপিএলের প্রথম দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ও পাঞ্জাব কিংস এখনো শিরোপা জিততে পারেনি। ২০২০ সালে ফাইনালে উঠে দিল্লি একবার শিরোপার সবচেয়ে কাছে পৌঁছেছিল। পরের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি তারা।
এরপর ২০২১ সালের পর থেকে আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছিল দলটি। এবার গাঙ্গুলির অধীনে সেই হতাশা কাটিয়ে শিরোপার লক্ষ্যে এগিয়ে যেতে চায় দিল্লি ক্যাপিটালস।

