রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বিরতি শেষ হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জে জেসুসের মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিয়ে আলোচনা থামেনি। ডেনমার্কে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর রোনালদো জানিয়েছিলেন, সময়মতো তিনি পুরো বিষয়টির সত্যতা প্রকাশ করবেন। পরে এক বিবৃতিতে ক্যাম্প ছাড়ার কারণ ব্যাখ্যা করে কোচের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে জেসুস তাকে প্রায় ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠে নামার প্রস্তুতিও নেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে খেলানো হয়নি। বিষয়টি নিয়ে হতাশ রোনালদো কোচের সঙ্গে পরে কথা বলেন এবং সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার ব্যাপারে সমঝোতা হয়েছিল বলেও জানান।
কিন্তু রোনালদোর ভাষ্য অনুযায়ী, জেসুস সংবাদ সম্মেলনে সেই অবস্থান তুলে ধরেননি। বরং তার প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। একই সঙ্গে নিজের এই সিদ্ধান্তকেও ভুল বলে স্বীকার করেন তিনি এবং প্রয়োজনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শাস্তি মেনে নেওয়ার কথা জানান।
তবে জাতীয় দল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন রোনালদো। শারীরিকভাবে ফিট থাকা এবং ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করতে পারলে নিষেধাজ্ঞা শেষে আবারও পর্তুগালের হয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোনালদোর এমন বিস্তৃত বক্তব্যের পর জেসুসের প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির সামনে ভিড় করেন সাংবাদিকরা। তবে পর্তুগাল কোচ জানান, তিনি এখনো রোনালদোর বিবৃতিটি পড়েননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। এটা পড়ার সময় আমার হয়নি।’

-6ac5d627c3a89.jpg)