নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার পাথুম নিশাঙ্কাকে ছাড়াই পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে শ্রীলংকা। চোট থেকে সেরে উঠে খেলার জন্য প্রয়োজনীয় মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। তার পরিবর্তে ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন লাহিরু উদারা। খবর জিও সুপারের।
আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে সাত ম্যাচের এই প্রতিযোগিতা। স্বাগতিক পাকিস্তান, শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে নিশাঙ্কার অনুপস্থিতি লঙ্কানদের জন্য বড় ধাক্কা।
নিশাঙ্কার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচকেরা তাকে দলে রাখেননি। ৮৮ ওয়ানডেতে ৪০.৫৫ গড়ে রান করা এই ব্যাটার সর্বশেষ তিন ইনিংসে করেছেন যথাক্রমে ১, ১১ ও ৭ রান।
ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। একই ভেন্যুতে ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকেরা। এরপর ২২ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড।
গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। ২৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। ২৭ অক্টোবর একই মাঠে শ্রীলংকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৯ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড।
তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে লড়বে।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার ১৬ সদস্যের দল
লাহিরু উদারা, অ্যাভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, কুশল মেন্ডিস (অধিনায়ক), পাভান রত্ননায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।

