বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টেস্ট বিশ্বকাপ বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের আশা ছেড়েই দিয়েছেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম। তিনি এখন পরিকল্পনা করছেন পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র নিয়ে।
তার অভিমত, সে আসরে তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য রাখতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন।
বাবর জানান, ইংল্যান্ড সফরের পর থেকে পাকিস্তান নতুন পথে হাঁটছে। এখন ভবিষ্যতের দল গড়ার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের দল খুবই তরুণ। ইংল্যান্ড সফরের পর আমরা অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’
চলতি চক্রে পাকিস্তানের আশা প্রায় শেষ। ৯ ম্যাচ খেলে হেরেছে ৭টিতে। শতকরা প্রাপ্ত পয়েন্ট হচ্ছে মোটে ৪.৬৩। বর্তমানে চলতি চক্রের তলানিতে আছে দলটি।
বাবরও মেনে নিয়েছেন যে তার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে। এখন তাদের প্রস্তুতি পরের চক্রকে ঘিরে। তিনি বলেন, ‘এ বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রায় ছিটকে গেছি। তাই আমাদের নজর এখন পরের চক্রে। আমরা আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হচ্ছি। প্রতিযোগিতামূলক দল গড়তে আমরা আলাদা পথ নিয়েছি।’
তরুণদের সুযোগ দিতে চান বাবর। তবে দলের মূল শক্তি হিসেবে সিনিয়রদেরও রাখতে চান। তিনি বলেন, ‘আমরা সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সঠিক ভারসাম্য আনার চেষ্টা করছি। এতে একটি শক্তিশালী জুটি গড়ে উঠবে। আমরা চাই তরুণরা টেস্ট ক্রিকেটে নিজেদের মেলে ধরুক এবং ভালো খেলুক।’
বাবরের আশা, এই পরিকল্পনা দলের পারফরম্যান্স বাড়াবে। তবে এখনকার মনোযোগ শ্রীলঙ্কা সিরিজেই। তিনি বলেন, ‘আশা করি এই পথ আমাদের দলকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। এটা সিনিয়র ও জুনিয়রদের মিশ্রণ। ইনশাআল্লাহ, আপনারা একটি আলাদা দল দেখবেন।’
