১৬০ রানে শেবাগপুত্রের চমক, ভাইরাল কোহলির দেওয়া সেই পুরোনো পরামর্শ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম
বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও বিরাট কোহলি।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগকে ঘিরে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ব্যাটার। ১৬০ রানের ইনিংস খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির সঙ্গে তার পুরোনো একটি ভিডিও। যেখানে তরুণ আর্যবীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় ভারতীয় এই তারকা ব্যাটারকে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ইউএইর বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ইউএই অনূর্ধ্ব-১৯ দলকে ৭০ রানে হারায় ভারত।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে ওপেনার আর্যবীর একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন। তিন নম্বরে নামা ভিকে বিনীত করেন ৬৭ রান। তৃতীয় উইকেটে আর্যবীর ও বিনীতের ১৯৩ রানের জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত গড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইউএই। ভারতের হয়ে ডানহাতি পেসার ইশান সুদ ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। বাকি ছয় বোলারও একটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২৩৯ রানেই গুটিয়ে যায় ইউএইর ইনিংস।
এদিকে আর্যবীরের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির সঙ্গে তার একটি পুরোনো ভিডিও। সেখানে কোহলির সাক্ষাৎকার নিতে দেখা যায় শেবাগপুত্রকে। একপর্যায়ে কোহলির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শও পায় সে।
ভিডিওতে আর্যবীর কোহলিকে জানান, ১৪ বা ১৫ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে একটি পুরস্কার পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে নেহরা যখন কোহলির নেতৃত্বে খেলেছেন, তখন বিষয়টি কেমন লেগেছিল, তা জানতে চান তরুণ এই সাংবাদিক।
জবাবে কোহলি বলেন, ‘এ কারণেই আমি বলি, সব সময় ভাববে—আমি পারব।’
এদিকে ইউএইকে হারানোর মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় হয়েছে আটবারের চ্যাম্পিয়নরা। তাদের ওপরে রয়েছে পাকিস্তান, যারা গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল। এর আগে নেপালকেও হারিয়েছিল ভারত।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারত।

-6af53b78da908.jpg)