ভারত সফরে শচীনের সঙ্গে ‘ক্রিকেট’ খেললেন ব্রিটেনের যুবরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারত সফরে গেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেললেন যুবরাজ। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে চা খেয়েছেন।
একটি অনুষ্ঠান উপলক্ষে ভারতে এসেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। মুম্বাইয়ে পৌঁছনোর পর তাদের আমন্ত্রণ জানালেন শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট খেললেন যুবরাজ এবং যুবরানি। শুধু তাই নয়, শচীনের সঙ্গে চা খেলেন এবং মুম্বাইয়ের রাস্তার খাবারও খেতেও দেখা যায় দুই জনকে।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে উইলিয়াম এবং কেটকে। শচীন বল করেছেন। পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছে খুদে ক্রিকেটপ্রেমীরা।
এরপর বিশেষ ভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান শচীন। সেখানে মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পরিবেশন করা হয় দুই জনকে। পাশাপাশি মুম্বাইয়ের রাস্তার বিভিন্ন বিখ্যাত খাবারও চেখে দেখেন তারা।
মুম্বাইয়ের বিভিন্ন ঐতিহাসিক বাড়িতে উইলিয়াম এবং কেটকে নিয়ে ঘুরেছেন শচীন। সেই বাড়ির মাহাত্ম্য এবং ইতিহাস বোঝাতে দেখা গিয়েছে তাকে।
ভারতে তিন দিনের সফরে এসেছেন উইলিয়াম এবং কেট। মুম্বাইয়ে তাদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান হবে। পৃথিবীর বিভিন্ন সমস্যা মেটাতে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এ রকম পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। ২০২০ থেকে এই উদ্যোগ শুরু করেছেন কেট এবং উইলিয়াম।
মুম্বাইয়ের অনুষ্ঠানের সাহায্যে ভারত এবং ব্রিটেনের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং সিনেমার সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা হবে। বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টকে অনুষ্ঠানে দেখা যাবে বলে শোনা গিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠানটি রয়েছে। বুধবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন উইলিয়াম এবং কেট। তারপর দেশে ফিরবেন।
