|
ফলো করুন |
|
|---|---|
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশ থেকে ১১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। দলের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (১৩৭) ও লিটন কুমার দাস (১২০)।
২২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা গড়েন ৯৯ রানের জুটি। এরপর ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েন তাওহিদ-লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪০০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের শিকারে পরিনত হন ওপেনার এইডেন মার্করাম। তিনি ৮ বলে ৪ রান করে ফেরেন।
এরপর দলের হাল ধরেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দ্বিতীয় উইকেটে তারা ২০১ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। আর সেঞ্চুরির পথে থাকা জুবায়েরকে আউট করে জুটি ভাঙেন মুমিনুল হক সৌরভ। সাজঘরে ফেরার আগে ১২৯ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রান করেন জুবায়ের।
এরপর অধিনায়ক টিম্বা বাভুমার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই জুটির বিচ্ছেদ ঘটনা হাসান মাহমুদ। তার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৬৪ বল মোকাবেল করে ২১টি চার আর এক ছক্কার সাহায্যে ১৫৭ রান করে ফেরেন মার্কাস অ্যাকারম্যান।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে হাসান মাহমুদের তৃতীয় শিকারে পরিনত হন ম্যাথু ব্রিটজক। শেষ বিকেলে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক টিম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।
